২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীও বিদেশী কোচ আনতে যাচ্ছে

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিডেট ও ব্রাদার্স ইউনিয়নের পর ঢাকা আবাহনীও বিদেশী কোচ নিয়ে আসতে যাচ্ছে। তবে কোচ হিসেবে এখনো কাউকে নির্বাচিত করেনি ক্লাবটি। সপ্তাহ খানেকের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আবাহনীর ফুটবল দলের ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিডেট ও ব্রাদার্স ইউনিয়নের পর ঢাকা আবাহনীও বিদেশী কোচ নিয়ে আসতে যাচ্ছে। তবে কোচ হিসেবে এখনো কাউকে নির্বাচিত করেনি ক্লাবটি। সপ্তাহ খানেকের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আবাহনীর ফুটবল দলের ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইরান, রাশিয়া ও ইংল্যান্ডের কয়েকজন কোচের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ নিয়ে এখনও আলোচনা চলছে।” “আমরা এমন একজন কোচ নিতে চাই যিনি আমাদের দলের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। তার বেতন-ভাতাও আমাদের বহন করার ক্ষমতা থাকতে হবে,” যোগ করেন রুপু। ব্রাদার্স ইউনিয়ন ইতোমধ্যেই ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিনকে নিয়ে এসেছে। আর মোহামেডানের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন আশীর দশকে ঢাকার মাঠের সাড়া জাগানো ফুটবলার নাইজেরিয়ার এমেকা। বিদেশী কোচের ব্যাপারে তৎপর হলেও বিদেশী খেলোয়াড় আনার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আবাহনী। এ প্রসঙ্গে রুপু বলেন, “গতবার ঘানার তিন খেলোয়াড় আইডু ইব্রাহিম, সামাদ ইউসেফ ও ফ্রাঙ্ক আবাহনীতে খেলেছিলেন। এবার তার চেয়ে ভালো ফুটবলার না পেলে তাদেরকেই হয়তো নিয়ে আসা হবে।” বিদেশী কোচ-খেলোয়াড় আসার আগেই অবশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে আবাহনী। গত রোববার থেকে শুরু হয়েছে তাদের প্রস্তুতি। অমলেশ সেনের অধীনে অনুশীলন করছে পেশাদার লিগের প্রথম তিন আসরের চ্যাম্পিয়নরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৪ঘ.