২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির অ্যাডহক কমিটি নিয়ে অসন্তোষ

বাংলাদেশ হকি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি নিয়ে অসন্তুষ্ট সাবেক দুই সাধারণ সম্পাদক শামসুল বারী ও সাজেদ এ আদেল। যদিও দুজনই বর্তমান কমিটিতে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ হকি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি নিয়ে অসন্তুষ্ট সাবেক দুই সাধারণ সম্পাদক শামসুল বারী ও সাজেদ এ আদেল। যদিও দুজনই বর্তমান কমিটিতে আছেন। সাজেদ আদেল বর্তমান অ্যাডহক কমিটির সহ-সভাপতি ও শামসুল বারী সদস্য। তবে এই কমিটিতে যে যোগ্য ব্যক্তিদের রাখা হয়নি সে ব্যাপারে দুজনই একমত। শামসুল বারী এই কমিটি দেখে ভীষণ অবাক। তিনি বলেন, “বাংলাদেশের হকির সঙ্গে আমার দীর্ঘ দিনের সম্পর্ক। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষিত বর্তমান অ্যাডহক কমিটির চার জনকে আমি চিনিই না। সহ-সভাপতি পদে নাম দেখলাম আহসান কবির খানের। এবং সদস্য পদে জসীম উদ্দিন, কামরুল ইসলাম রিপন ও কামরুল-উর-রশিদ। এদের কাউকেই আমি চিনি না।” “অথচ জাতীয় পুরস্কার পাওয়া বিখ্যাত হকি খেলোয়াড় আব্দুস সাদেককে চার নম্বর সহ-সভাপতি করা হয়েছে। হকির সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কমিটি গড়া হলে ভালো হতো,” যোগ করেন তিনি। মোহামেডানের হকি কমিটির সম্পাদক সাজেদ আদেলও এই কমিটি নিয়ে হতাশ। তিনি বলেন, “খেলা মাঠে রাখতে হলে ক্লাবগুলোকে প্রয়োজন। তাই ক্লাবে যারা হকি নিয়ে নিবেদিতভাবে কাজ করছেন তাদেরই অ্যাডহক কমিটিতে রাখা উচিৎ ছিল। ক্লাবগুলোর কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে কমিটিটা গড়লে ভালো হতো। কিন্তু আমাদের সঙ্গে কেউ এই বিষয় নিয়ে আলোচনা করেনি।” হকি ফেডারেশনের আগের কমিটির যুগ্ম সম্পাদক ও বর্তমান অ্যাডহক কমিটির সদস্য আবদুর রশিদ শিকদারও বিস্ময় প্রকাশ করেছেন । তিনি বলেন, “প্রজ্ঞাপনটি দেখে আমি অবাকই হয়েছি। আব্দুস সাদেকের মতো মানুষ হকি অঙ্গনে খুঁজে পাওয়াই মুশকিল। অথচ তাকে করা হয়েছে চার নম্বর সহ-সভাপতি। আর শামসুল বারীর মতো অভিজ্ঞ সংগঠককে ডিঙ্গিয়ে মোহাম্মদ জসীম উদ্দিনকে এক নম্বর সদস্য করা হয়েছে। এটা একদমই ঠিক হয়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪২ঘ.