ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে মালয়েশিয়ায় একমাত্র প্রস্তুতি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ জাতীয় দল। সোমবার মালয়েশিয়ার সুপার লিগের দল নেগেরির কাছে ৩-২ গোলে হেরেছে তারা। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন শাহেদুল আলম ও আব্দুল মালেক।
২৫ মিনিটে ইমানুয়েলের গোলে এগিয়ে যায় নেগেরি। তবে প্রথমার্ধেই সমতা নিয়ে আসে বাংলাদেশ। ৪৪ মিনিটে অনিকের ক্রস থেকে গোলটি করেন শাহেদ।
কিন্তু বিরতির পর মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে বাংলাদেশ। ৬৩ ও ৬৫ মিনিটে গোল দুটি করেন নেগেরির অধিনায়ক শুকুর বিন আদান।
নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট তিনেক আগে মালেকের গোলে ব্যবধান কমলেও বাংলাদেশ হার এড়াতে পারেনি।
বাংলাদেশ দল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকায় এসে পৌঁছাবে। ২৫ নভেম্বর ভারতের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে জাতীয় দলের।
কলকাতায় জাতীয় দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৬ নভেম্বর আই লিগের দ্বিতীয় স্তরের দল সাউদার্ন সমিতি এবং ২৮ নভেম্বর আই লিগের দল ইন্ডিয়ান অ্যারোসের মুখোমুখি হবে তারা। যদিও বাফুফে এর আগে জানিয়েছিলো কলকাতায় প্রতিপক্ষ হিসেবে থাকবে শাহজান সমিতি ও চিরাগ ইউনাইটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৮ঘ.
bdnews24