২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদিনেস নেমে গেছে, শীর্ষে জুভেন্টাস

পালের্মোর বিপক্ষে ৩-০ গোলে জিতে সেরি আয় পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে জুভেন্টাস। আগের শীর্ষ দল উদিনেস ২-০ গোলে হেরে গেছে পার্মার কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 07:39 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পালের্মোর বিপক্ষে ৩-০ গোলে জিতে সেরি আয় পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে জুভেন্টাস। আগের শীর্ষ দল উদিনেস ২-০ গোলে হেরে গেছে পার্মার কাছে। জুভেন্টাসের পেপ সিমন খেলার ২০ মিনিটে দলকে এগিয়ে নেন। জর্জিও চিয়েল্লিনি আড়াআড়িভাবে ভাসিয়ে বল ফেলেন প্রতিপক্ষের বক্সে। মাথা দিয়ে সেই বল জালে পাঠিয়ে দেন সিমন। খেলার ৩১ মিনিটে ব্যবধান বাড়তে পারতো। কিন্তু বেঁচে যায় পালের্মো। মাঝমাঠের খেলোয়াড় আন্দ্রে পিরলোর শট গোলপোস্টে লেগে ফিরে আসে। কিন্তু ৪৮ মিনিটে আর রক্ষা পায়নি। আলেসান্দ্রো মাত্রির শট গোলরক্ষক আলেজান্দ্রোস তজরভাসের শরীরের নিচ দিয়ে অতিক্রম করে যায় গোল-লাইন। জয় নিশ্চিত করেন ক্লদিও মার্শিসিও, খেলার ৬৫ মিনিটে। মাত্রি শট নেয়ার ভান করলে প্রতিপক্ষের খেলোয়াড়রা ছুটে যান তার দিকে। কিন্তু শট না নিয়ে মাত্রি বল ঠেলে দেন অরক্ষিত ক্লদিওর দিকে। গোল দিতে কোনো অসুবিধা হয়নি তার। জুভেন্টাস ও লাৎসিও, দুই দলেরই পয়েন্ট সমান ২২। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষ উঠে যায় জুভেন্টাস। দল দুটো মুখোমুখি হবে আগামী সপ্তাহান্তে। লাৎসিও ১১ ম্যাচ খেললেও জুভেন্টাস খেলেছে দশ ম্যাচ। এছাড়া ১১ খেলায় ২১ পয়েন্ট নিয়ে উদিনেস আছে চতুর্থ স্থানে। এদিকে এএস রোমা ২-১ গোলে হারিয়েছে লিসকে। ১১ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে রোমা আছে পঞ্চম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২১ ঘ.