ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারও যুক্তরাষ্ট্রের ত্রাতা সাবেক বিশ্ব সেরা গলফার টাইগার উডস। মেলবোর্নে উডসের জয়সূচক পয়েন্টেই দ্য ইন্টারন্যাশনাল টিমকে ১৯-১৫ ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মতো প্রেসিডেন্টস কাপের শিরোপা ঘরে তুলেছে যুক্তরাষ্ট্র।
১৪ বারের মেজর চ্যাম্পিয়ন উডস অস্ট্রেলিয়ার অ্যারন ব্যাডেলিকে হারিয়ে যুক্তরাষ্ট্রকে ওই পয়েন্ট এনে দেন।
যুক্তরাষ্ট্র ১৩-৯ এ এগিয়ে থেকে এককে খেলতে নেমে প্রথম চারটি ম্যাচ হেরে বসে। তবে রোববারের উত্তেজনাপূর্ণ বিকালে দলের জয় নিশ্চিত করেন উডস।
ম্যাচ শেষে উডস বলেন, "আমার ভালো লাগছে। বিশ্বাস ছিলো আমার পয়েন্টের কারণে আমরা হেরে যাব না।"
২০০৯ সালেও উডসের পয়েন্টই শেষ মুহূর্তে মার্কিনিদের শিরোপা এনে দিয়েছিলো।
চোটের কারণে এবং মাঠের বাইরে নানা বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়ায় সময়টা একদমই ভালো যাচ্ছিলো না সর্বকালের অন্যতম সেরা গলফার উডসের। 'ওয়াইল্ডকার্ড' নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৪ঘ.
bdnews24