ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিতেই চলেছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ৩-১ গোলে হারিয়েছে তারা নিউক্যাসল ইউনাইটেডকে। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডও জিতেছে সোয়ান্সি সিটির বিপক্ষে ১-০ গোলে।
]
দিনের অন্যান্য খেলায় আর্সেনাল ২-১ গোলে নরউইচ সিটিকে, এভারটন ২-১ গোলে উলভারহ্যাম্পটনকে, কুইন্স পার্ক রেঞ্জার্স ৩-২ গোলে স্টক সিটিকে ও ওয়েস্ট ব্রমউইচ ২-১ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে হারিয়েছে। এছাড়া সান্ডারল্যান্ড ও ফুলহ্যামের খেলা গোলশূন্য এবং উইগ্যান অ্যাথলেটিক ও ব্ল্যাকবার্ন রোভার্সের খেলা ৩-৩ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
এই জয়ের ফলে এখনো অপরাজিত থেকে গেলো ম্যান সিটি। জিতেছে ১২ খেলার ১১টিতেই। পয়েন্ট হারিয়েছে কেবল ফুলহ্যামের সঙ্গে ড্র করে।
খেলার ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মারিও বালোতেল্লি। মিকাহ রিচার্ডস ব্যবধান বাড়ান ৪৪ মিনিটে। ৭২ মিনিটে আবারো পেনাল্টি পায় ম্যান সিটি। এবার গোল করেন সার্জিও অ্যাগুয়েরো।
ফলে ১২ খেলায় দলটি গোল করলো ৪২টি। তাই বলাই যায়, প্রিমিয়ার লিগের ইতিহাসে এর চেয়ে ভালো সূচনা আর কখনোই করেনি তারা।
নিউক্যাসলের পক্ষে একটি গোল শোধ করেন ড্যান গসলিঙ্ক, খেলার ৮৯ মিনিটে।
ম্যান সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যান ইউ'র পক্ষে জয়সূচক গোলটি করেন হাভিয়ের হার্নান্দেজ ১১ মিনিটে। এনিয়ে পরপর তিন খেলায় জিতলো রেড ডেভিলসরা ১-০ ব্যবধানে।
১২ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ম্যান সিটি। সমান খেলায় ম্যান ইউ'র পয়েন্ট ২৯। তৃতীয় নিউক্যাসলের পয়েন্ট ২৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১২ ঘ.
bdnews24