ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগায় শনিবার রাতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পয়েন্ট তালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে বহু কষ্টে জিতেছে ভালেন্সিয়ার বিপক্ষে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা অতিসহজে হারিয়েছে রিয়াল জারাগোজাকে। গুনে গুনে চার গোল দেয় তারা। পক্ষান্তরে নিজেদের জাল ছিল অক্ষত।
ফলে দল দুটোর মধ্যে তিন পয়েন্টের ব্যবধান রয়ে গেল।
মেস্তায়া স্টেডিয়ামে ভালেন্সিয়ার খেলায় ছিল প্রচণ্ড গতি। কিন্তু মাদ্রিদের খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা ও শক্ত রক্ষণভাগের কাছে কুলিয়ে উঠতে পারেনি তারা। খেলায় দৃষ্টিকটুভাবে ফুটে ওঠে শক্তি প্রয়োগের প্রবণতাও। তাই বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখতে হয় হলুদ কার্ড।
গঞ্জালো হিগুয়াইনকে বসিয়ে রেখে কোচ হোসে মরিনহো প্রথম একাদশ সাজান করিম বেনজেমাকে আক্রমণে রেখে। খেলার ২০ মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। জাবি আলন্সোর ফ্রি-কিক থেকে বল পেয়ে প্রচণ্ড শটে বল জালে জড়িয়ে দেন বেনজেমা।
৭৫ মিনিটে মেসুত ওজিলের কর্নার মাথা দিয়ে জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান রক্ষণভাগের খেলোয়াড় সার্জিও রামোস।
চার মিনিট পর ভালেন্সিয়ার রবার্তো সোলদাদো একটি গোল শোধ করেন। কিছুক্ষণ পর ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে ব্যবধান আবারো দুইয়ে নিয়ে যান। ৮২ মিনিটে ফের ব্যবধান কমান সোলদাদো।
এরপর আর গোল হয়নি খেলায়। ফলে হার মানতে হয় ভালেন্সিয়াকে।
নু ক্যাম্পে বার্সেলোনার পক্ষে গোল চারটি করেন ১৮ মিনিটে গেরার্ড পিকে, ৪৩ মিনিটে লিওনেল মেসি, ৫৪ মিনিটে পুয়োল ও ৭৫ মিনিটে দাভিদ ভিয়া।
দিনের অন্য খেলায় ভিয়ারিয়াল ১-০ গোলে জিতেছে রিয়াল বেটিসের বিপক্ষে।
১২ খেলায় ৩১ পয়েন্ট মাদ্রিদের। সমান খেলায় বার্সার পয়েন্ট ২৮। আর ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৩ ঘ.
bdnews24