২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া সফরের জন্য জাতীয় দল ঘোষণা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে মালয়েশিয়ায় একটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার এই সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 01:41 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে মালয়েশিয়ায় একটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। শুক্রবার এই সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

২০ নভেম্বর মালয়েশিয়ার সুপার লিগের দল নিগেরির বিপক্ষে টুঙ্কু আব্দুল রহমান স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচটি খেলবে জাতীয় দল। এই ম্যাচ খেলতে জাতীয় দল ঢাকা ছাড়বে শনিবার রাতে। ফিরবে ২৩ নভেম্বর। তার পর দিনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার পর সাফ ফুটবলের জন্য দল ঘোষণা করা হবে।

২৫ নভেম্বর ভারতের উদ্দেশে রওনা হবে জাতীয় দল। কলকাতায় তারা আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই দুটো ম্যাচে তাদের প্রতিপক্ষ আই লিগের দ্বিতীয় স্তরের দল শাহজান সমিতি ও মূল স্তরের দল চিরাগ ইউনাইটেড।

সাফ ফুটবলের জন্য ঘোষিত ২৭ জনের প্রাথমিক দলকে শুক্রবার ২৪ জনে নামিয়ে আনা হয়েছে। বাদ পড়া তিন জন হলেন রায়হান আহমেদ, মোবারক হোসেন ও আশরাফ মাহমুদ লিঙ্কন। আরো দুজনকে বাদ দিয়ে গড়া হবে ২২ জনের চূড়ান্ত দল।

প্রাথমিক দলে থাকলেও মালয়েশিয়া সফরের দলে রাখা হয়নি তপু বর্মন, আতিকুর রহমান মিশু, মামুনুল ইসলাম, ওয়াহিদ আহমেদ, মিঠুন চৌধুরী ও আব্দুল বাতেন কোমলকে।

সাফ ফুটবলের দলনেতা নির্বাচিত হয়েছেন বাফুফের সদস্য হারুনুর রশিদ। আর ব্যবস্থাপকের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়।

মালয়েশিয়া সফরের দলে থাকা ১৮ জন:
গোলরক্ষক: মামুন খান, বিপ্ল­ব ভট্টাচার্য্য, শহিদুল আলম সোহেল।
ডিফেন্ডার: নাসিরুল ইসলাম নাসির, মোহাম্মদ সুজন, মামুন মিয়া, আরিফুল ইসলাম আরিফ, রেজাউল করিম।
মিডফিল্ডার: প্রাণতোষ কুমার দাস, মেজবুল হক মানিক, ইমন মাহমুদ, শাহেদুল আলম, আলমগীর কবির রানা, শাকিল আহমেদ।
স্ট্রাইকার: তৌহিদুল আলম, শাহ আলমগীর অনিক, জাহিদ হাসান এমিলি, আব্দুল মালেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩০ঘ.