২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ব্রাদার্সের কোচ নাঈমুদ্দিন

আবার ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নিতে যাচ্ছেন। বুধবার গভীর রাতে ঢাকায় এসে পৌঁছান তিনি। এ নিয়ে তৃতীয় বারের মতো ব্রাদার্সের কোচ হলেন নাঈমুদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবার ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নিতে যাচ্ছেন। বুধবার গভীর রাতে ঢাকায় এসে পৌঁছান তিনি। এ নিয়ে তৃতীয় বারের মতো ব্রাদার্সের কোচ হলেন নাঈমুদ্দিন। ঢাকায় এসে তিনি জানান, "বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ। তাই এই দেশের প্রতি সব সময় অন্যরকম টান অনুভব করি। এখানে ফিরতে পেরে আমি খুবই খুশি।' ব্রাদার্সের ব্যবস্থাপক আমের খান জানিয়েছেন, "মাসিক এক লাখ টাকা বেতনে নাঈমুদ্দিন আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।" হায়দরাবাদে জন্ম নেয়া নাঈমুদ্দিন ১৯৬৩ থেকে '৭৩ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলের হয়ে খেলেছিলেন। ভারতের জাতীয় দলের কোচও ছিলেন তিনি। ঢাকায় আসার আগে তিনি কলকাতা মোহামেডানের কোচের দায়িত্ব পালন করছিলেন। ২০০৪ সালে প্রথম বারের মতো ব্রাদার্সের কোচ হয়েছিলেন নাঈমুদ্দিন। সে মৌসুমে জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাদার্স। তবে দুটো শিরোপা এনে দিলেও পরের মৌসুমে তিনি আর গোপীবাগের দলটির সঙ্গে থাকেননি। ২০০৬ সালে দ্বিতীয়বারের মতো ব্রাদার্সের কোচের দায়িত্ব নেন নাঈমুদ্দিন। ঐ মৌসুমেই বাংলাদেশে প্রথম বারের মতো শুরু হয়েছিলো পেশাদার ফুটবল লিগ। সেবার অবশ্য নাঈমুদ্দিনের অধীনে ব্রাদার্স সাফল্য পায়নি। লিগে তাদের অবস্থান ছিলো পঞ্চম। ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় দলেরও কোচ হয়েছিলেন নাঈমুদ্দিন। তবে প্রায় মাস ছয়েক তার কোচিংয়ে জাতীয় দলও তেমন সাফল্য পায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৭ঘ.