২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিককে বরণ করে নিলো মুক্তিযোদ্ধা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলে বৃহস্পতিবার ১৯ জন খেলোয়াড়কে নিবন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। পাশাপাশি কোচ হিসেবে শফিকুল ইসলাম মানিককেও বরণ করে নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলে বৃহস্পতিবার ১৯ জন খেলোয়াড়কে নিবন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। পাশাপাশি কোচ হিসেবে শফিকুল ইসলাম মানিককেও বরণ করে নিয়েছে তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে দলবদলের চেয়েও বেশি হৈ-চৈ ছিলো মানিকের মুক্তিযোদ্ধায় প্রত্যাবর্তন নিয়ে। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এমদাদ হোসেন মতিন জানিয়েছেন, এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মানিক। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়ে মানিক ঘোষণা করেন, "আমার হাতে যে দল তুলে দেয়া হয়েছে তা নিয়ে আমি শিরোপা লড়াইয়ের ব্যাপারে আশাবাদী। কারণ কাগজে-কলমে মুক্তিযোদ্ধা এবার সবচেয়ে ভালো দল গড়েছে।" মুক্তিযোদ্ধার এই দলে আছেন জাতীয় দলের জন ৮ জন খেলোয়াড়। তারা হলেন - গোলরক্ষক মামুন খান, স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী, মিডফিল্ডার মামুনুল ইসলাম, শাকিল আহমেদ ও আলমগীর কবির রানা এবং ডিফেন্ডার আরিফুল ইসলাম ও রেজাউল করিম। এদের মধ্যে রানা ও মিঠুন গত মৌসুমেও মুক্তিযোদ্ধায় ছিলেন। গোলরক্ষক মামুন খান এসেছেন শেখ রাসেল থেকে। বাকি ৫ জন মুক্তিযোদ্ধায় যোগ দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে। এছাড়া অভিজ্ঞ মিডফিল্ডার ফিরোজ মাহমুদ টিটো ও স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চনকেও নিবন্ধন করেছে মুক্তিযোদ্ধা। দলবদলের মধ্যেই বারবার মোহামেডান ছেড়ে মানিকের মুক্তিযোদ্ধায় যোগ দানের প্রসঙ্গ উঠেছে। সবার প্রশ্ন ছিলো মোহামেডানের প্রতি ক্ষোভ থেকেই কি মুক্তিযোদ্ধায় ফিরলেন তিনি? এই প্রশ্নের উত্তরে মানিক বলেন, "ব্যক্তিগতভাবে কারো ওপরে আমার ক্ষোভ থাকতেও পারে। কিন্তু মোহামেডানের প্রতি আমার অভিযোগ বা অভিমান নেই। তাই এ বিষয়ে কিছু বলতে চাই না।" পাতানো খেলার প্রসঙ্গও ঘুরেফিরে উঠেছে। এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধার মহাসচিব এমদাদ হোসেন মতিন বলেন, "আশা করি এবারের লিগ স্বচ্ছ হবে এবং কোনো পাতানো ম্যাচ হবে না।" পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, "এবারের বাইলজে কঠিন শাস্তির কথা উল্লে¬খ করা হয়েছে। তাই আমার বিশ্বাস কোনো দল পাতানো ম্যাচ খেলার সাহসই পাবে না।" মুক্তিযোদ্ধার নিবন্ধিত ১৯ খেলোয়াড় হলেন মামুন খান, মামুনুল ইসলাম, আরিফুল ইসলাম, শাকিল আহমেদ, রেজাউল করিম, জাহিদ হাসান এমিলি, মারুফ আহমেদ, মিঠুন চৌধুরী, মোজাম্মেল হোসেন সৈকত, নাসিরউদ্দিন চৌধুরী, মাকসুদুর রহমান মোস্তাক, জহিরুল ইসলাম, আনিসুল আলম সুইট, ওবাইদুর রহমান, রোকনুজ্জামান কাঞ্চন, ফিরোজ মাহমুদ টিটু, আলমগীর কবির রানা, রাজন মিয়া ও আজমল হোসেন বিদ্যুৎ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১২ঘ.