ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিভারপুলের লুই সুয়ারেজের বিরুদ্ধে বর্ণবাদী শব্দ ব্যবহার করে ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাট্রিক এভরাকে গালি দেয়ার অভিযোগ আনা হয়েছে।
গত মাসের ১৫ তারিখে প্রিমিয়ার লিগের খেলার সময় আক্রমণভাগের খেলোয়াড় সুয়ারেজ রক্ষণভাগের খেলোয়াড় এভরাকে গালি দেন বলে দাবি করা হয়।
এক মাস ধরে তদন্ত শেষে বুধবার উরুগুয়ের সুয়ারেজের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
সুয়ারেজ অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু ম্যান ইউ জানিয়ে দিয়েছে, তারা ফ্রান্সের এভরার পেছনে আছেন।
এফএ এক বিবৃতিতে জানায়, ওই দিন (১৫ অক্টোবর) অ্যানফিল্ডে খেলার সময় যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে সুয়ারেজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এতে বলা হয়, এফএ'র বিধি-বিধান না মেনে বর্ণবাদী শব্দ ব্যবহার করে সুয়ারেজ এভরাকে গালি কিংবা টিটকারি মেরেছেন অথবা ওই ধরনের কোনো অঙ্গভঙ্গি করেছেন।
ইংল্যান্ড অধিনায়ক জন টেরিও কিছুদিন আগে কুইন্স পার্ক রেঞ্জার্সের অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালি দেন। এ ব্যাপারে এখনো তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২৬ ঘ
bdnews24