ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ হতে যাচ্ছেন শফিকুল ইসলাম মানিক। আগামী মৌসুমের জন্য তার মুক্তিযোদ্ধার দায়িত্ব নেয়া প্রায় নিশ্চিতই বলা যায়।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মানিক জানিয়েছেন, "আমার মুক্তিযোদ্ধার কোচের দায়িত্ব নেয়া অনেকটাই নিশ্চিত। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি।"
তবে কত দিনের জন্য তিনি চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তা জানাতে রাজি হননি মানিক। এ ব্যাপারে তিনি বলেন, "চুক্তির আগে এ সম্পর্কে কিছু বলতে চাই না।"
মোহামেডানের উপেক্ষার শিকার হয়ে মুক্তিযোদ্ধায় যোগ দিতে যাচ্ছেন মানিক। গত মৌসুমে মাঝারি মানের দল নিয়েও মোহামেডানকে কোটি টাকার টুর্নামেন্ট সুপার কাপের ফাইনালে নিয়ে যান তিনি। কিন্তু এবার তাকে কোচের দায়িত্বে রাখতে রাজি হয়নি মোহামেডান।
ঐতিহ্যবাহী দলটি তাদের সাবেক ফুটবলার নাইজেরিয়ার এমেকাকে কোচের দায়িত্ব দিতে যাচ্ছে। অথচ এবার মোহামেডানের দল গঠনে বড় অবদান রেখেছেন মানিক।
তবে মোহামেডানের দায়িত্ব না পেয়ে মানিক হতাশ নন। তিনি বলেন, "এখানে (মোহামেডানে) যোগ্যতার মূল্যায়ন করা হয়নি। ব্যক্তিগত দ্বন্দ্বকেই প্রাধান্য দেয়া হয়েছে। নইলে সাফল্য এনে দেয়ার পরও কেন আমি কোচের দায়িত্ব পাবো না?"
মানিক এর আগে ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৮ বছর মুক্তিযোদ্ধার কোচ ছিলেন। এরপর ২০০৫ সালে মোহামেডানে যোগ দেন তিনি। ২০০৮ সালে মোহামেডান ছেড়ে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেন। গত বছর তিনি আবার ফিরে যান মোহামেডানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৪ঘ.
bdnews24