২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বদলি হিসেবে খেলতে নেমে আর্জেন্টিনাকে জয় উপহার দিলেন সার্জিও অ্যাগুয়েরো। বিশ্বকাপ বাছাই পর্বে মঙ্গলবার ১-০ গোলে পিছিয়ে পড়েও তার দল কলোম্বিয়ার বিপক্ষে জিতেছে ২-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 05:36 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বদলি হিসেবে খেলতে নেমে আর্জেন্টিনাকে জয় উপহার দিলেন সার্জিও অ্যাগুয়েরো। বিশ্বকাপ বাছাই পর্বে মঙ্গলবার ১-০ গোলে পিছিয়ে পড়েও তার দল কলোম্বিয়ার বিপক্ষে জিতেছে ২-১ গোলে। আর্জেন্টিনার মাঝমাঠের খেলোয়াড় হাভিয়ের মাসচেরানোর আত্মঘাতী গোলে ৪৫ মিনিটে পিছিয়ে পড়ার পর ৬১ মিনিটে খেলায় সমতা ফেরান লিওনেল মেসি। আর ৮৫ মিনিটে অতিপ্রয়োজনীয় তিন পয়েন্ট দলকে পাইয়ে দেন অ্যাগুয়েরো। চার খেলায় আর্জেন্টিনার পয়েন্ট সাত। আর তিন খেলায় কলম্বিয়ার চার। চার খেলায় উরুগুয়েরও পয়েন্ট সাত। তবে মঙ্গলবার খেলা ছিল না দলটির। তাই তারা প্রীতি ম্যাচ খেলেছে ইতালির সঙ্গে। জিতেছে ১-০ গোলে। কলম্বিয়ার বন্দর নগরী বারানকুইলায় আর্জেন্টিনার বক্সের ঠিক বাইরে জেমস রদ্রিগুয়েজকে ফাউল করায় ফ্রি-কিক পায় কলম্বিয়া। শট নেন ডারলন পাবলো। মাসচেরানোর গায়ে লেগে বল ঢুকে যায় জালে। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল শোধ করে দেন মেসি। হোসে সোসার শট কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ ওসপিনা ঠেকিয়ে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল চলে যায় মেসির পায়ে। সেই গোল জালে জড়িয়ে দিতে কোনো ভুল করেননি তিনি। এর আগে বদলি হিসেবে মাঠে নেমেই খেলার ধারা পাল্টে দেন অ্যাগুয়েরো। মেসি, গঞ্জালো হিগুয়াইন ও অ্যাগুয়েরো মিলে আক্রমণ চালাতে থাকেন প্রতিপক্ষের গোলমুখে। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন অ্যাগুয়েরো। খেলা শেষে অ্যাগুয়েরো বলেন, "আজ আমরা নতুন অধ্যায়ের সূচনা করলাম। খুব গরম ও আদ্রতার পরও গুরুত্বপূর্ণ একটি খেলায় জিতেছি।" "প্রথমার্ধে আমরা ভালো খেলেছি," যোগ করেন অ্যাগুয়েরো, "কিন্তু দ্বিতীয়ার্ধে আমার মাঠে নামার পর আমরা আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকি।" এই জয় পুরো আর্জেন্টিনা দলের জন্য আক্ষরিক অর্থেই স্বস্তি নিয়ে এসেছে। চাপ কমে অনেকটা নির্ভার হয়ে গেছেন কোচ আলেহান্দ্র সাবেইয়া ও তার খেলোয়াড়রা। গত বছরের বিশ্বকাপ ও এ বছরের কোপা আমেরিকা থেকে আগেভাগে বিদায় নেয়ার পাশাপাশি বাছাই পর্বে ভেনিজুয়েলার কাছে হার ও বলিভিয়ার সঙ্গে ড্র করায় চাপে ছিলেন তারা। বাছাই পর্বে চিলিকে ৪-১ গোলে হারালেও ভেনিজুয়েলার কাছে ১-০ গোলে হার মানে আর্জেন্টিনা। ঘরের মাঠে বলিভিয়ার সঙ্গে ড্র করে ১-১ গোলে। অন্যান্য খেলায় ইকুয়েডর ২-০ গোলে পেরুকে, চিলি ২-০ গোলে প্যারাগুয়েকে ও ভেনিজুয়েলা ১-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩০ ঘ.