ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার রমনা টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে আইটিএফ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে বালক দ্বৈতের দুটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
বালক দ্বৈতের প্রথম ম্যাচে বাংলাদেশের রনজিত পাশি ও সজিব পাশি জুটি ৭-৬, ১-৬, ৬-৪ গেমে নেদারল্যান্ডসের জর্ডান জানঝেন ও থাইল্যান্ডের থংভিনিত পাওয়ারাদি জুটিকে হারিয়ে দেন। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের উ ওয়াই মং মারমা ও দেলোয়ার হোসেন জুটি ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে দক্ষিণ কোরিয়ার চুং হায়াক ও গহ সাংচেয়ল জুটিকে হারান।
বালক এককে শীর্ষ বাছাই ভারতের মনীষ কুমার ৬-১, ৬-৩ গেমে বাংলাদেশের রুস্তম আলীকে হারিয়েছেন। জিতেছেন থাইল্যান্ডের থংভিনিত পাওয়ারাদি, মালয়েশিয়ার ওয়ান আব্দুল মুইজ আবদুল আজিজ, ভারতের অ্যান্থনি স্যাভিও, সিঙ্গাপুরের সিন লি এবং ভারতের তেজাস কাপুরও।
বালিকা এককে ভারতের ধৃতি ভারমা ৬-১, ৬-০ গেমে বাংলাদেশের আয়েশা সুলতানার বিপক্ষে জিতেছেন। এছাড়া ফিলিপাইনের পাতরিকা জয় অর্তেজা, ভারতের শেহনাজ সিং ও চারু আগারওয়াল, ফিলিপাইনের কার্তিনা অর্তেজা এবং সিঙ্গাপুরের সি ইং জুলিয়ানি ইয়াং জয় পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩০ঘ.
bdnews24