ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় অবস্থান করা বিদেশী ফুটবলারদের নিয়ে গড়া দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ জাতীয় দল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি অমীমাংসিত থাকে ১-১ গোলে।
গত শনিবার এই দলের কাছেই ৩-২ গোলে হার মেনেছিলো জাতীয় দল।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো তারা।
৩৭ মিনিটের সময় জাহিদ হাসান এমিলির গোলে এগিয়ে যায় জাতীয় দল। ইমন বাবুর বাড়ানো পাস থেকে প্লে¬সিং শটে গোলটি করেন দেশের অন্যতম সেরা স্ট্রাইকার এমিলি।
অবশ্য তার ৬ মিনিট আগে এমিলিই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। তার শট রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক আল আজিজ।
৫৮ মিনিটে লাকির গোলে সমতা ফিরে আসে ম্যাচে। এই গোলের জন্য গোলরক্ষক বিপ্ল¬ব ভট্টাচার্য্যকে আসামীর কাঠগড়ায় দাঁড় করাতেই পারে জাতীয় দল। বিপ্লব গোললাইন থেকে বেরিয়ে না এলে গোলটি না-ও হতে পারতো।
ম্যাচশেষে বাংলাদেশের কোচ নিকোলা ইলিয়েভস্কিও গোলরক্ষককেই দায়ী করেছেন গোলটির জন্য। তিনি বলেন, "বিপ্ল¬বের অমার্জনীয় ভুলের জন্যই গোলটি হয়েছে। নইলে আমরাই হয়তো জিততাম।"
"তবে ড্র করলেও আগের ম্যাচ দুটোর তুলনায় আজ (মঙ্গলবার) দল অনেক ভালো খেলেছে। খেলোয়াড়দের অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে ডিফেন্ডাররা ভালো খেলেছেন, " যোগ করেন এই মেসিডোনীয় কোচ।
তবে দলের মাঝমাঠ নিয়ে ইলিয়েভস্কি অসন্তুষ্ট। এ সম্পর্কে তিনি বলেন, "আমাদের দলের সবচেয়ে অগোছালো বিভাগ হচ্ছে মাঝমাঠ। মাঝমাঠ নিয়ে আমি বেশ দুশ্চিন্তায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২১ঘ.
bdnews24