২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্সির অভাব ভোগাবে আর্সেনালকে: ফ্যাব্রেগাস

গত মৌসুমের দুর্দান্ত নৈপুণ্য এই মৌসুমেও ধরে রেখেছেন আর্সেনাল অধিনায়ক রবিন ফন পার্সি। অথৈই সাগরে দিক হারিয়ে ফেলা আর্সেনাল তার হাত ধরেই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ফিরেছে। ২০১৩ সালে উত্তর লন্ডনের দলটির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার। মেয়াদ বাড়াতেও আগ্রহী নন তিনি। এই নিয়ে পার্সির সাবেক সতীর্থ ও বার্সেলোনা স্ট্রাইকার সেস ফ্যাব্রেগাসের উপলব্ধি, পার্সির অভাব ভোগাবে আর্সেনালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত মৌসুমের দুর্দান্ত নৈপুণ্য এই মৌসুমেও ধরে রেখেছেন আর্সেনাল অধিনায়ক রবিন ফন পার্সি। অথৈই সাগরে দিক হারিয়ে ফেলা আর্সেনাল তার হাত ধরেই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ফিরেছে। ২০১৩ সালে উত্তর লন্ডনের দলটির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার। মেয়াদ বাড়াতেও আগ্রহী নন তিনি। এই নিয়ে পার্সির সাবেক সতীর্থ ও বার্সেলোনা স্ট্রাইকার সেস ফ্যাব্রেগাসের উপলব্ধি, পার্সির অভাব ভোগাবে আর্সেনালকে। এই মৌসুম শুরুতে অনেক নাটকের পর আর্সেনাল ছেড়ে ছোটবেলার ক্লাব বার্সেলোনায় পাড়ি জমান ফ্যাব্রেগাস। আর্সেনালের আরেক প্রাণভোমরা সামরি নাসরিও চলে যান ম্যানচেস্টার সিটিতে। দলের দুই প্রধান খেলোয়াড়কে হারিয়ে কি বিপদেই না পড়লেন কোচ আর্সেন ওয়েঙ্গার! নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে ড্র দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলো তার দল। পরের দুই ম্যাচে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইডের কাছে হেরেই বসলো। এর মধ্যে ম্যান ইউয়ের কাছেই হজম করতে হলো ৮ গোল! পার্সি জাদুতে এরপর ঘুরে দাঁড়ালো আর্সেনাল। চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে জেতালেন ৫-৩ গোলে। লিগের ১১ খেলায় গোল পেলেন ১১টি, চ্যাম্পিয়নস লিগে ২টি। ২০১৩ সালের জুনে আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হবে পার্সির। গত মৌসুমের লিগের শেষ ২৮ খেলায় ২৯ গোল পাওয়া খেলোয়াড়টিকে রেখে দিতে বদ্ধপরিকর উত্তর লন্ডনের ক্লাবটি। কিন্তু পার্সি মেয়াদ বাড়তে চাইছেন না। আপাত দৃষ্টিতে ২০১৩ সালে আর্সেনালের সঙ্গে পার্সির সম্পর্ক চুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ১৬ বছর বয়সে আর্সেনালে যোগ দিয়েছিলেন ফ্যাব্রেগাস। ইংল্যান্ডে সাত বছর পার করে এবছর নতুন ঠিকানা গড়লেন বার্সেলোনায়। পার্সি চলে গেলে তার অপূরনীয় অভাব ভোগাবে আর্সেনালকে বলে সাবেক ক্লাবকে সতর্ক করলেন এই স্ট্রাইকার। ফ্যাব্রেগাস বলেন, "আমি জানি না আর্সেনাল তাকে (পার্সিকে) রাখতে পারবে কি না। দেখা যাক তিনি কি সিদ্ধান্ত নেন। সততার সঙ্গে আর্সেনালের হয়ে খেলে চলেছেন। তিনি দলের মূল খেলোয়াড় এবং সমর্থকেরা তাকে ভালোবাসেন। আমার মতে তিনিই দলের 'রোল মডেল', তারকা খেলোয়াড় এবং তার অভাব আর্সেনালকে ভালোই ভোগাবে।" ২০০৪ সালে আর্সেনালে যোগ দেয়া পার্সিকে অনেক বার চোটের কারণে বসে থাকতে দেখেছেন ফ্যাব্রেগাস। দীঘদিনের সতীর্থ এই মৌসুমে দারুন খেলছেন, সে খবরটাও অজানা নয় তার। পার্সির জন্য শুভকামনাই জানালেন বার্সেলোনার এই স্ট্রাইকার। ফ্যাব্রেগাস বলেন, "দারুন একটি মৌসুম কাটছে তার। আশা করি পুরো মৌসুমেই তিনি সুস্থ থাকবেন এবং এভাবেই খেলতে থাকবেন।" "তিনি কি বার্সেলোনা যোগ দেবেন ? যে কোনো দলে খেলার যোগ্যতা তিনি রাখেন। তবে আমি একজন আর্সেনাল ভক্ত। আমি তাকে আর্সেনালেই দেখতে চাই," যোগ করেন ফ্যাব্রেগাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৮২৬ ঘ.