২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যমা প্রদর্শনের ব্যাখ্যা দিলেন রোনালদো

বসনিয়া ও হার্জেগোভিনার কিছু সমর্থকদের উগ্র আচরণের কারণে বাধ্য হয়েই মধ্যমা প্রদর্শন করেছেন বলে জানালেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বসনিয়া ও হার্জেগোভিনার কিছু সমর্থকদের উগ্র আচরণের কারণে বাধ্য হয়েই মধ্যমা প্রদর্শন করেছেন বলে জানালেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার ইউরো ২০১২ বাছাই পর্বের খেলায় মুখোমুখি হয় পর্তুগাল ও স্বাগতিক বসনিয়া ও হার্জেগোভিনা। খেলা শুরু হওয়ার আগে পর্তুগালের অনুশীলন পর্বে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। পতুর্গাল ও বসনিয়ার ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। অনুশীলন চলাকালীন সময়ে স্বাগতিক দেশের একদল সমর্থক রোনালদোকে উদ্দেশ্য করে 'মেসি,মেসি' বলে চিৎকার করতে থাকে। এমনকি রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকারের চোখে লেজার রশ্মি ফেলে অসৌজন্যমূলক আচরণ চালিয়ে যেতে থাকে ঐ সমর্থকেরা। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রোনালদো তার মধ্যমা প্রদর্শন করেন। ক্ষুদ্ধ রোনালদো সংবাদ মাধ্যমকে বলেন, "সবাই আমার খারাপ আচরণটাই দেখলো। যারা আমার চোখ লক্ষ্য করে লেজার রশ্মি ছুঁড়লো, তাদের সমালোচনা কেন হচ্ছে না?" "তারা (সমর্থকরা) তাদের মতোই আচরণ করেছে। আর আমি আমার মতোই উত্তর দিয়েছি।" খেলা শুরু হওয়ার পরেও রোনালদোকে উদ্দেশ্য করে সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রুপ কমেনি। তবে নিজেকে সংযত রেখে খেলায় মনোনিবেশ করেছেন গত মৌসুমে স্পেনের লা লিগার সর্বোচ্চ গোলদাতা। রোনালদো বলেন, "আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। তা না হলে আমাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হতো।" ফিরতি পর্বের খেলায় উভয় দল আগামী মঙ্গলবার মুখোমুখি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২১২৬ ঘ.