২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের কোচ হতে পারেন এমেকা

একজন বিদেশী কোচের খোঁজে নেমেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এ জন্য তারা যোগাযোগ করেছে ঘানা, নাইজেরিয়া, বসনিয়া ও নেদারল্যান্ডসের কোচের সঙ্গে। অবশ্য মোহামেডানে খেলে যাওয়া সাবেক নাইজেরীয় ফুটবলার এমেকার কোচ হওয়ার সম্ভাবনা প্রবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একজন বিদেশী কোচের খোঁজে নেমেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এ জন্য তারা যোগাযোগ করেছে ঘানা, নাইজেরিয়া, বসনিয়া ও নেদারল্যান্ডসের কোচের সঙ্গে। অবশ্য মোহামেডানে খেলে যাওয়া সাবেক নাইজেরীয় ফুটবলার এমেকার কোচ হওয়ার সম্ভাবনা প্রবল। মোহামেডান পরিচালক লোকমান হোসেন জানিয়েছেন, "এক সপ্তাহের মধ্যেই একজন বিদেশী কোচ দেখা যাবে মেহামেডানে। তিনি হতে পারেন নাইজেরিয়ার এমেকা। তবে এখনও তার সঙ্গে আমাদের চূড়ান্ত কথা হয়নি। দু'একদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।" "তবে যে দেশ থেকেই আসুক, কোচ এবং খেলোয়াড় এক দেশ থেকেই আনার পরিকল্পনা আমাদের, "যোগ করেন এই মোহামেডান পরিচালক। তাই নিশ্চিত হয়ে গেলো গত মৌসুমের সফল কোচ শফিকুল ইসলাম মানিকের বিদায়। দুর্বল একটা দল নিয়েও গত মৌসুমে কোটি টাকার টুর্নামেন্ট সুপার কাপ ফুটবলের ফাইনালে নিয়ে যান তিনি মোহামেডানকে। এ সম্পর্কে লোকমান হোসেন বলেন, "মানিক মোহামেডানের স্থায়ী সদস্য। তাই তার কোচ হওয়াটা কী সমচীন হবে ? আমরা চাই না কোন কর্মকর্তা কোচ হোক।" আর বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাওয়া কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, "দলবদলের সময় আমাকে জানানো হয়নি। রোববার দলের রিপোর্টিংয়েও আমাকে ডাকা হয়নি। তাই একটা ইঙ্গিত পাওয়াই যায় আমি হয়তো আর থাকছি না।" "এনিয়ে আমি এখনই কোন মন্তব্য করতে চাই না। সময় হলেই সব কিছু জানাবো। আসলে এখানে যোগ্যতার চেয়েও ব্যক্তিগত দ্বন্দ্বকেই বড় করে দেখা হয়েছে, " জানান মানিক। তাই এখন প্রশ্ন দেখা দিয়েছে কোথায় হচ্ছে মানিকের পরবর্তী ঠিকানা? এ সম্পর্কে মোহামেডানের সদ্য সাবেক হওয়া কোচ বলেন, "অনেক দলের সঙ্গেই আমার যোগাযোগ হয়েছিল। মোহামেডানের কথা ভেবে আমি সবাইকে নাও করে দিয়েছিলাম। এখন মোহামেডান থেকেই কোন সড়া পাচ্ছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১২১ ঘ.