২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়েভস্কির বক্তব্য ও সালাউদ্দিনের ক্ষোভ

জাতীয় দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কির ওপরে ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তার মতে ইলিয়েভস্কির কথাবার্তায় যৌক্তিকতা খুঁজে পাওয়াই মুশকিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কির ওপরে ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তার মতে ইলিয়েভস্কির কথাবার্তায় যৌক্তিকতা খুঁজে পাওয়াই মুশকিল। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ দেখতে এসে বাফুফে সভাপতি বলেন, "ইলিয়েভস্কি আগে বলেছিলেন জাতীয় দলের দীর্ঘমেয়াদী প্রস্তুতি প্রয়োজন। তাই আমরা লিগ শুরু না করে তার হাতে দল তুলে দিয়েছিলাম। কিন্তু এখন তিনি বলছেন লিগ বন্ধ থাকায় ফুটবলারদের ফিটনেসে ঘাটতি দেখা দিয়েছে। কোচের এমন পরস্পর বিরোধী কথায় আমরা বিস্মিত।" "অনেক দিন আগে তার হাতে দল তুলে দেয়া হয়েছে। খেলোয়াড়দের ফিটনেসে কোনো সমস্যা থাকলে সেই ব্যর্থতা কোচের। তিনি কেন খেলোয়াড়দের ফিটনেসের উন্নতি করাতে পারেননি, " যোগ করেন তিনি। শুক্রবার ইলিয়েভস্কি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠেয়¬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ভালো করার তেমন সম্ভাবনা নেই। কারণ খেলোয়াড়রা শতভাগ ফিট নন। জাতীয় দলে ভালো স্ট্রাইকারের অভাবের কথাও জানান এই মেসিডোনীয় কোচ। এই বক্তব্যের পর শনিবার বিকেলেই ইলিয়েভস্কির সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। এরপর বাফুফে সভাপতি বলেন, "আসলে কোচেরই সমস্যা আছে। দলকে ভালোভাবে তৈরি করতে না পারা তারই ব্যর্থতা। এই ব্যর্থতা ঢাকার জন্যই তিনি বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৫ঘ.