ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে গেছে প্রিমিয়ার দাবা লিগ। শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিলো এই প্রতিযোগিতা। তবে দাবা ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে একদিন পিছিয়ে লিগ শুরু হবে রোববার থেকে। কারণ ব্যানার করতে না পারার ব্যর্থতা!
দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেছ হুসাইন জানান, "ঈদের ছুটির কারণে ব্যানার করা সম্ভব হয়নি। তাছাড়া কয়েক জন খেলোয়াড়ের সমস্যাও আছে। তাই লিগ একদিন পিছিয়ে দেয়া হয়েছে।'
রোববার বিকেল ৩টায় সংসদ সদস্য অ্যাডভোকেট তারানা হালিম প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন।
এবারের লিগে দশটি দল অংশ নিচ্ছে। খেলা হবে নয় রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে।
শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড তাদের খেলোয়াড়দের পরিচিতি পর্বের আয়োজন করে। মোহামেডানের হয়ে খেলবেন ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তা ও আন্তর্জাতিক মাস্টার সেহেজ গ্রোভার এবং বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমান, ফিদেমাস্টার আবদুল মালেক ও সামসু দোহা শাকিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪২ঘ.
bdnews24