২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ব্যর্থ ইয়ান থর্প

অবসর ভেঙ্গে পাঁচ বছর পর পুলে ফেরার সিদ্ধান্ত ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন ইয়ান থর্প। অস্ট্রেলীয় সাঁতার তারকার আশঙ্কা সত্যি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেইজিংয়ে ব্যর্থ হওয়ার মাত্র তিন দিন পর টোকিওতেও তিনি ব্যর্থ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবসর ভেঙ্গে পাঁচ বছর পর পুলে ফেরার সিদ্ধান্ত ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন ইয়ান থর্প। অস্ট্রেলীয় সাঁতার তারকার আশঙ্কা সত্যি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেইজিংয়ে ব্যর্থ হওয়ার মাত্র তিন দিন পর টোকিওতেও তিনি ব্যর্থ। শনিবার টোকিওতে বিশ্বকাপ মিটের ১০০ মিটার ফ্রিস্টাইলের চূড়ান্ত পর্বে উঠতে পারেননি তিনি। অলিম্পিকে পাঁচটি সোনা জয়ী থর্প ৪৯.৪৫ সেকেন্ড সময় নিয়ে দ্বাদশ হন হিটে। এর আগে বুধবার বেইজিংয়ে ১০০ মিটার বাটারফ্লাইয়েও ব্যর্থ হন তিনি। ৫৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে হন ত্রয়োদশ। তার আগের দিন ১০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালেও উঠতে পারেননি। ব্যর্থ হন ১০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও। গত সপ্তাহে সিঙ্গাপুরের একটি টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক সাঁতারে ফেরেন থর্প। ঐ টুর্নামেন্টে ১০০ মিটার ফ্রিস্টাইলের চূড়ান্ত পর্বে উঠতে পারেননি। তবে ১০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সপ্তম হন তিনি। যদিও এই হতাশার মধ্যেই আশার কথা শুনিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ লেই নুজেন্ট। তিনি বলেন, "পাঁচ বছর পর প্রতিযোগিতামূলক সাঁতারে ফিরেছেন থর্প। তারপরও চীনের টুর্নামেন্টের তুলনায় এখানে (টোকিও) তিনি ০.৭৬ সেকেন্ড সময় কম নিয়েছেন। সামান্য হলেও উন্নতি করেছেন তিনি।" আগামী বছরের লন্ডন অলিম্পিকে অংশ নেয়ার জন্যই অবসর ভেঙ্গে ফিরেছেন থর্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৮ঘ.