ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে ফিরছেন সার্জিও অ্যাগুয়েরো। পাশাপাশি প্রথম একাদশে থাকবেন ফার্নান্দো গ্যাগোও।
নিষেধাজ্ঞা ও চোটের কারণে দলে নেই অ্যাঞ্জেল ডি মারিয়া ও এভার বানেগা।
চোটের কারণে অ্যাগুয়েরো বাছাই পর্বের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণভাগে থাকবেন লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন ও অ্যাগুয়েরো।
আর হাভিয়ের মাসচেরানো ও হোসে সোসাকে মাঝমাঠে সঙ্গ দেবেন গ্যাগো।
অসুস্থতার জন্য বুধবার অনুশীলন করেননি মেসি। তবে বলিভিয়ার বিপক্ষে ফিফা বর্ষসেরা ফুটবলারের খেলা নিয়ে সংশয় নেই।
বাছাইপর্বে বলিভিয়ার পর আগামী ১৫ নভেম্বর আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের প্রথম খেলায় চিলিকে হারালেও পরের ম্যাচে ভেনেজুয়েলার কাছে হেরে গেছে আর্জেন্টিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৩০ঘ.
bdnews24