ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুলহামকে ৩-১ গোলে হারিয়ে লিভারপুলকে হটিয়ে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে উঠেছে টটেনহাম হটস্পার। একই ব্যবধানে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে জয় পেয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। রোববারের অন্য খেলায় বোল্টন ৫-০ গোলে বিধ্বস্ত করেছে স্টোক সিটিকে।
১০ খেলায় টটেনহামের পয়েন্ট ২২। চেলসিরও ২২ পয়েন্ট। তবে তারা একটি ম্যাচ বেশি খেলায় তাদেরও টপকে যাওয়া সুযোগ পাবে টটেনহাম।
৩১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি পয়েন্ট তালিকার শীর্ষে। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানটি নিউক্যাসেলের দখলে।
গ্যারেথ ব্যালের ১০ মিনিটের গোলে এগিয়ে যায় টটেনহাম। প্রথমার্ধের অন্তিম মূহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন অ্যারোন লেনন।
৫৭ মিনিটে ইউনেস কাবোলের ভুলে একটি আত্মঘাতি গোল হজম করলেও জয় পেতে সমস্যায় হয়নি টটেনহামের। লাগাম হাতে রেখেই খেলার অতিরিক্ত সময়ে তৃতীয় গোল তুলে নেয় তারা। জারমেইন ডিফোর দুর্দান্ত ভলিতে তাদের জয় নিশ্চিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৯২৫ ঘ.
bdnews24