ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত মৌসুমে অন্য গ্রহের ফুটবল খেলে বিশ্বকে চমকে দেয়া বার্সা এবার কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছে। রোববার লিওনেল মেসির অতিরিক্ত সময়ের (৯০ ) গোলে অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে কোনোমতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে পড়লো কাতালানরা।
রোববার ওসাসুনাকে ৭-১ গোলে উড়িয়ে দেয়া রিয়ালের পয়েন্ট ১১ খেলায় ২৮। বার্সা সংগ্রহ ২৫। সমান খেলায় ২৪ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে তালিকার তৃতীয় স্থানে।
লা লিগার চলতি মৌসুমে বার্সার এটি চতুর্থ ড্র। এর মধ্যে তিনটিতে প্রতিপক্ষের মাঠে ড্র করেছে তারা। আর রোববার তো হেরেই যেতে বসেছিলো।
অতিরিক্ত সময়ের শেষ মিনিটে মেসির বাঁ পায়ের বাঁকানো শট বিলবাওয়ের জালে জড়ালে রক্ষা পায় বার্সা। ২-২ গোলে শেষ হয় খেলা। লা লিগায় এটি মেসির ১৪তম গোল, প্রতিপক্ষের মাঠে প্রথম! গোলদাতাদের তালিকায় তিনি শীর্ষে আছেন।
১৩ গোল নিয়ে তার পেছনেই আছেন পর্তুগিজ প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
বার্সা-বিওবাও ম্যাচটি আলোচনায় ছিলো মূলত বিওবাও কোচ মার্সেলো বিয়েলসার কল্যাণে। আর্জেন্টিনা ও চিলির সাবেক এই কোচ ঘোষণা দিয়েছিলেন, ছেলেরা বার্সার বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে!
'রোববার কঠিন এক ম্যাচ অপেক্ষা করছে' গাদিওলার এমন ভবিষ্যতবাণীও উজ্জীবিত করে থাকবে বিওবাওকে। বার্সার সঙ্গে দুর্দান্ত ফুটবল নৈপুণ্যের প্রদর্শন রাখলো তারা।
২০ মিনিটেই অ্যান্ডার হেরেরোর দুর্দান্ত গোল এগিয়ে নেয় বিলবাওকে। চার মিনিট পরে সেস ফ্যাব্রেগাসের গোলে খেলায় সমতা ফেরে।
৮০ মিনিটে জেরার্ড পিকের ভুলে আত্মঘাতি গোল খেয়ে পিছিয়ে পড়ে বার্সা। শেষ পর্যন্ত মেসির ঐ গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৭৫৮ ঘ.
bdnews24