২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-ভিয়ার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই: গার্দিওলা

লিওনেল মেসি ও দাভিদ ভিয়ার বন্ধুত্বে চিড় ধরার গুঞ্জন উড়িয়ে দিলেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসি ও দাভিদ ভিয়ার বন্ধুত্বে চিড় ধরার গুঞ্জন উড়িয়ে দিলেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা। কয়েক দিন আগে স্পেনের দৈনিক 'সুপারদেপোর্তো' দুই তারকার দ্বন্দ্ব নিয়ে খবর প্রকাশ করে হৈ-চৈ ফেলে দিয়েছিলো। মেসি অবশ্য তখনই বিষয়টি অস্বীকার করেছিলেন। রোববার স্পেনের লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে মেসি ও ভিয়ার মধ্যে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দেন গার্দিওলা। তিনি বলেন, "দাভিদের (ভিয়া) সঙ্গে তর্ক করা সম্ভব নয়। মাঠে এবং ব্যক্তিগত জীবনে তিনি ভীষণ নম্র। তিনি এবং লিও (মেসি) দুজনই ভালো মানুষ। দুজনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে গুঞ্জনের কোনো কারণ নেই।" বার্সেলোনার সাবেক ও এসি মিলানের বর্তমান স্ট্রাইকার জ­াতান ইব্রাহিমোভিচ আগামী কয়েক দিনের মধ্যে তার বহুল আলোচিত আত্মজীবনী প্রকাশ করবেন। ন্যু ক্যাম্পে থাকার সময় গার্দিওলার সঙ্গে ইব্রাহিমোভিচের সম্পর্কের টানাপোড়েন নিয়ে ইউরোপের ফুটবলাঙ্গনে কম ঝড় ওঠেনি। আত্মজীবনীতেও বার্সা কোচের সঙ্গে তিক্ত সম্পর্কের কথা লিখেছেন ইব্রাহিমোভিচ। ইব্রাহিমোভিচের সঙ্গে ঝামেলা প্রসঙ্গে গার্দিওলা বলেন, "এ সম্পর্কে আমার কিছু বলার নেই। আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত সমস্যা ছিলো না। আমাদের সঙ্গে একটি মৌসুম কাটানোর জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। ঐ মৌসুমে আমরা ৯৯ পয়েন্ট পেয়ে লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। তিনি খেলেছেন, নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এবং (লা লিগা জয়ের পাশাপাশি) আমাদের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নিয়ে যেতেও সাহায্য করেছে। এ নিয়ে আমার আর কিছু বলার নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯৪৯ঘ.