২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বিশাল জয়

ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে রোববার ওসাসুনাকে ৭-১ গোলে উড়িয়ে স্পেনের লা লিগায় শীর্ষস্থান সুসংহত করেছে রিয়াল মাদ্রিদ। ১১ খেলায় ২৮ পয়েন্ট রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ২৪ পয়েন্ট। বার্সা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে রোববার ওসাসুনাকে ৭-১ গোলে উড়িয়ে স্পেনের লা লিগায় শীর্ষস্থান সুসংহত করেছে রিয়াল মাদ্রিদ। ১১ খেলায় ২৮ পয়েন্ট রিয়ালের। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ২৪ পয়েন্ট। বার্সা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিশাল জয়ে রোনালদো ছাড়াও করিম বেনজেমা দুটি এবং পেপে ও গঞ্জালো হিগুয়াইন একটি করে গোল করে ভালো অবদান রাখেন। ওসাসুনার একমাত্র গোলটি ইব্রাহিমার। ২৩ মিনিটে রিয়ালের গোল-উৎসবের সূচনা করেন রোনালদো। ৩১ মিনিটে ইব্রাহিমা সমতা ফিরিয়ে আনলেও ৩ মিনিট পরই পেপের গোল আবার এগিয়ে দেয় স্বাগতিকদের। ৪০ মিনিটে ব্যবধান ৩-১ করেন হিগুয়াইন। রিয়ালের প্রথম তিনটি গোলই হয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়ার সহায়তায়। গত কয়েকটি ম্যাচ হিগুয়াইনের বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান বেনজেমা। তবে রোববার বিরতির পর ডি মারিয়ার জায়গায় বেনজেমাকে নামান হোসে মরিনহো। কোচের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে ৬৩ ও ৮১ মিনিটে গোল করেন বেনজেমা। তার আগেই অবশ্য ১০ জনের দলে পরিণত হয় ওসাসুনা। ৫৪ মিনিটে মেসুত ওজিলকে ডি-বক্সের মধ্যে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সাত্র"সতেগুই। ঐ ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। ৫৮ মিনিটে হ্যাটট্রিকও করে ফেলেন ২০০৮-এর ফিফা বর্ষসেরা ফুটবলার। এ মৌসুমে এটি তার তৃতীয় ও রিয়ালের পক্ষে সব মিলিয়ে দ্বাদশ হ্যাটট্রিক। ওসাসুনার বিপক্ষে হ্যাটট্রিকের সুবাদে লা লিগার সর্বোচ্চ গোলদাতার আসনে মেসি ও রোনালদোর আপাতত সহাবস্থান। দুজনেরই ১৩টি করে গোল। মেসি অবশ্য রোববারই তার পর্তুগিজ প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে পারেন। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে একটি গোল করলেই এককভাবে লা লিগার সেরা গোলদাতার আসন ফিরে পাবেন আর্জেন্টিনার 'খুদে জাদুকর'। আর জয় পেলে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়ে আনতে পারবে বার্সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৫০ঘ.