ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো বিরতি-চিহ্ন পড়েছে লেভান্তের অগ্রযাত্রায়। ফের হার মেনেছে দলটি লা লিগায়। এবার ভালেন্সিয়ার কাছে ২-০ গোলে।
পরপর সাত খেলায় জিতে ক্লাব রেকর্ড গড়ে লেভান্তে দলের ১০২ বছরের ইতিহাসে প্রথবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে। কিন্তু পরপর দুই খেলায় কোনো গোল করতে পারেনি দলটি।
তবে হতাশ নন লেভান্তে কোচ হুয়ান ইগনাসিও মার্তিনেজ, "মৌসুম অনেক লম্বা। এখনো হাঁটতে হবে অনেকটা পথ। তবে আমি নিশ্চিত যে আমরা আবার ঘুরে দাঁড়াবো এবং এগিয়ে যাবো।"
ভালেন্সিয়ার মাঠ এস্তাদিও কিউদাদে খেলার ৩১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ভালেন্সিয়া। ৫০ মিনিটে খেলার ফলাফল সন্দেহের বাইরে নিয়ে যান টিনো কস্টা।
এই খেলায় হেরে যাওয়ায় লেভান্তে দুই পয়েন্ট পিছিয়ে পড়লো তালিকার শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে। আর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ভালেন্সিয়ার সঙ্গে এক পয়েন্ট।
দশ খেলায় মাদ্রিদের পয়েন্ট ২৫। সমান খেলায় বার্সেলোনার ২৪। আর ভালেন্সিয়ার পয়েন্ট ১১ খেলায় ২৪। সমান খেলায় লেভান্তের ২৩।
মাদ্রিদ রোববার খেলবে ওসাসুনার সঙ্গে। আর বার্সেলোনা অতিথি হয়ে খেলতে যাবে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে।
দিনের অন্যান্য খেলায় সেভিয়া গোলশূন্য ড্র করে মালোর্কার সঙ্গে। আর মালাগা ও রিয়াল বোটিসের খেলা শেষ হয়
অমীমাংসিতভাবে। গোল করতে পারেনি কোনো দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫১ ঘ.
bdnews24