২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ পয়েন্টের ব্যবধান ধরে রাখলো ম্যান সিটি

কুইন্স পার্ক রেঞ্জার্সকে শনিবার ৩-২ গোলে হারিয়ে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ তালিকার দ্বিতীয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান ধরে রাখলো শীর্ষ দল ম্যানচেস্টার সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 05:02 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুইন্স পার্ক রেঞ্জার্সকে শনিবার ৩-২ গোলে হারিয়ে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ তালিকার দ্বিতীয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান ধরে রাখলো শীর্ষ দল ম্যানচেস্টার সিটি। এক সময় মনে হচ্ছিল দুই নগর প্রতিদ্বন্দ্বীর মধ্যে পয়েন্টের এই পার্থক্য কমে আসছে। ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হতে যাচ্ছে কিউপিআরের সঙ্গে ম্যান সিটির তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। কিন্তু ১৬ মিনিট বাকি থাকতে দলকে জয় উপহার দেন ইয়াইয়া তোরে। এদিকে দলের কোচ হিসেবে স্যার অ্যালেক্স ফার্গুসনের ২৫তম বার্ষিকীর উপহার তার মনমতো না হলেও একেবারে খারাপ হয়নি। তার দল ম্যান ইউ আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জেতে সান্ডারল্যান্ডের বিপক্ষে। গোলটি হয় প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। সান্ডারল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় ওয়েস ব্রাউন নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। আর ব¬্যাকবার্নকে ১-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে টিকে থাকলো চেলসি। লফটাস স্টেডিয়ামে খেলার ২৮ মিনিটে কিউপিআরকে এগিয়ে নেন জে বোদরয়েড। ম্যান সিটির এডিন ডজেনকো গোল শোধ করেন ৪৩ মিনিটে। এবার ডেভিড সিলভার গোলে ম্যান সিটি এগিয়ে যায় ৫২ মিনিটে। ৬৯ মিনিটে সেই গোল শোধ করে দেন হেইডার হেলগুসন। এদিকে সান্ডারল্যান্ডের সঙ্গে খেলা শেষে ফার্গুসন বলেন, "আমরা ভালো খেলিনি বলে আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।" মাঠে ঢোকার সময় ম্যান ইউ ও সান্ডারল্যান্ডের খেলোয়াড়রা ফার্গুসনকে গার্ড অব অনার প্রদান করে। সে সময় তাকে সম্মান দেখান স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৭৫ হাজার দর্শক। ফার্গুসনের নামানুসারে নর্থ স্ট্যান্ডের নাম রাখারও ঘোষণা দেয়া হয় সেই সময়। দিনের অন্যান্য খেলায় নিউক্যাসল ইউনাইটেড ২-১ গোলে এভারটনকে, আর্সেনাল ৩-০ গোলে ওয়েস্ট ব্র"মকে ও অ্যাস্টন ভিলা ৩-২ গোলে নরওইচ সিটিকে হারিয়েছে। এছাড়া গোল হয়নি লিভারপুল ও সোয়ানসি সিটির খেলায়। ম্যান সিটি ১১ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে আছে তালিকায় সব দলের উপরে। সমান খেলায় ম্যান ইউয়ের পয়েন্ট ২৬। চেলসি আছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। দলটির পয়েন্ট ১১ খেলায় ২৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৩ ঘ.