২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গোল্ডেন বুট' পেলেন রোনালদো

স্পেনের রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে আনুষ্ঠানিকভাবে ইউরোপের লিগ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার 'গোল্ডেন বুট' তুলে দেওয়া হয়েছে। গত মৌসুমে ৪০ গোল করেন তিনি। ইউরোপের ক্লাব ফুটবলের ইতিহাসে এক মৌসুমে আর কেউই এত গোল করতে পারেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে আনুষ্ঠানিকভাবে ইউরোপের লিগ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার 'গোল্ডেন বুট' তুলে দেওয়া হয়েছে। গত মৌসুমে ৪০ গোল করেন তিনি। ইউরোপের ক্লাব ফুটবলের ইতিহাসে এক মৌসুমে আর কেউই এত গোল করতে পারেননি। ২০০৮ সালেও এই পুরস্কার জিতেছিলেন রোনালদো। সেবার ইংল্যান্ডের দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩১ গোল করেছিলেন তিনি। মাদ্রিদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুক্রবার রোনালদোর হাতে পুরস্কার তুলে দেন পর্তুগিজ ফুটবলের জীবন্ত কিংবদন্তি ইউসেবিও এবং রিয়ালের সভাপতি আলফ্রেদো দি স্তেফানো। পুরস্কার হাতে রোনালাদো জানান, ব্যক্তিগত অর্জনের চেয়ে ক্লাবের হয়ে শিরোপা জেতাই তার কাছে গুরুত্বপূর্ণ। রোনালদো আরো বলেন, "আপনি তখনই ব্যক্তিগত সাফল্য পাবেন যখন দল আপনাকে সাহায্য করবে। এই পর্যায়ের ফুটবলে এসে আমি সবসময় বড় কিছু জিততে চেয়েছি। রেকর্ড ভাঙ্গার চিন্তা আমার কখনোই ছিলো না।" "আমার বয়স ২৬ এবং আমি এখনো শিখছি। সামনে বেশ কিছু বছরও পড়ে আছে। আমার লক্ষ্য, সর্বকালের সেরা ফুটবলারদের একজন হওয়া," যোগ করেন তিনি। গত দুই - তিন মৌসুমে ধরে বার্সেলোনার লিওনেল মেসির সঙ্গে রোনালদোর এক অদৃশ্য লড়াই চলছে। বিশ্ব সেরা ফুটবলার হওয়ার এই দৌড় খেলাটির দর্শকরা-ভক্তরা বেশ উপভোগও করছেন। গত সপ্তাহে মেসি বার্সার হয়ে ২০০ গোলের মাইলফলক পার করলেন। তার একদিন পরেই রোনালদো রিয়ালের জার্সি গায়ে তুলে নিলেন ১০০তম গোলটি। মেসি প্রসঙ্গে রোনালদো বলেন, "মেসির ছুঁড়ে দেয়া প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমি ভাবছি না। আমি খেলতে ভালোবাসি। আর মানুষ আমার খেলা দেখতে ভালোবাসে। আমি মেসি এবং ইউরোপের অন্য সেরা খেলোয়াড়দের সঙ্গে লড়তে প্রস্তুত। তবে লড়াইটা হবে দলগত, ব্যক্তিগত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৯১৫ ঘ.