ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রত্যাবর্তনে মোটেও চমক জাগাতে পারেননি অলিম্পিকে পাঁচটি সোনা বিজয়ী ইয়ান থর্প। শুক্রবার সিঙ্গাপুরের ফিনা বিশ্বকাপ সাঁতারে ১০০ মিটার ব্যক্তিগত মিডলের ফাইনালে অস্ট্রেলীয় তারকার অবস্থান সপ্তম। এর আগে এই ইভেন্টের হিটে দ্বিতীয় হন তিনি।
অবসর কাটিয়ে পাঁচ বছর পর প্রতিযোগিতামূলক সাঁতারে ফেরা থর্পের সময় লেগেছে ৫৬.৩৩ সেকেন্ড।
এর আগে হিটে ৫৬.৭৪ সেকেন্ড সময় নিয়ে ফাইনাল নিশ্চিত করার পর তিনি বলেন, "অনেক দিন পর ফিরতে পেরে খুবই ভালো লাগছে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে কিছুটা বিচলিত ছিলাম।"
"তবে আমি এই লড়াইটাকে মনে রাখতে চাই না। ভালো করেছি নাকি খারাপ তাই তো বুঝতে পারছি না," যোগ করেন থর্প।
তিনি বলেন, "ফাইনালে ওঠায় আরেকটা লড়াইয়ের সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি নিশ্চিত, ভবিষ্যতে যখন এই লড়াইগুলোর ভিডিও দেখবো তখন খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে কাজ করারও সুযোগ পাবো। অনেক দিন পর (প্রতিযোগিতামূলক সাঁতারে) এটাই আমার প্রথম লড়াই ছিলো। শেষ পর্যন্ত লড়াইয়ে ফিরতে পেরে আমি খুশি।"
শনিবার ১০০ মিটার বাটারফ্লাইয়েও অংশ নেবেন তিনি।
২৯ বছর বয়সী থর্পের লক্ষ্য আগামী বছরের লন্ডন অলিম্পিকে অংশ নেয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫২ঘ.
bdnews24