২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেলের 'ডিভিডি'র অপেক্ষায় মেসি

পেলের ফুটবল-খেলার চমক জাগানিয়া দিক তুলে ধরে যে ডিভিডি পাঠানোর কথা ছিল, তা এখনো পাননি লিওনেল মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 07:53 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেলের ফুটবল-খেলার চমক জাগানিয়া দিক তুলে ধরে যে ডিভিডি পাঠানোর কথা ছিল, তা এখনো পাননি লিওনেল মেসি। কিছুদিন আগে মেসি বলেছিলেন, ব্রাজিলের এই জীবন্ত-কিংবদন্তীর খেলা তিনি কখনোই দেখেননি। এরপরই পেলে এ ধরনের একটি ডিভিডি দেয়ার প্রতিশ্র"তি মেসিকে দেন। কিন্তু ২০১০ সালের ব্যালন ডি'অর জয়ী মেসি বলছেন, তিনি এখনো ওই ডিভিডির পাওয়ার অপেক্ষায় আছেন। আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড় বলছেন, "আমি পেলের খেলা দেখতে চাই। কিন্তু তিনি এখনো তার গোলের ডিভিডি পাঠাননি। প্রত্যেকই বলে থাকেন যে পেলে অসাধারণ খেলোয়াড়। কিন্তু তার খেলা না দেখেই আমি নিজের মধ্যে এমন বিশ্বাস গড়ে তুলতে পারি না।" অনেকেই বার্সেলোনার এই খেলোয়াড়কে ফুটবল ইতিহাসের সেরাদের একজন বলে মনে করে থাকেন। কেউ কেউ আবার দাবি করে থাকেন, পেলে ও দিয়েগো মারাদোনার চেয়ে মেসি ভালো। তবে মেসি পরিস্কার করে দিয়েছেন যে, এ ব্যাপারে মাথা ঘামাতে মোটেও রাজি নন তিনি। বরং তার যতো মনোযোগ সব দলের হয়ে ভালো খেলা ও 'ট্রফি' জেতার দিকে। তার নিজের ভাষায়, "এ ধরনের তুলনায় আমি মোটেও আগ্রহী নই। বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার জন্যও খেলি না। আমি দলের ভালোর জন্য খেলি আর 'ট্রফি' জিততে চাই।" এ বছরের ফিফা ব্যালন ডি'অর পুরস্কারের জন্য মনোনীত ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ২৪ বছর বয়সী মেসি। এর আগে ২০০৯ ও ২০১০ সালেও তিনি এই পুরস্কার পান। এবারো ব্যালন ডি'অর পেলে ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মেসি এই পুরস্কার জিতবেন টানা তিনবার। এর আগে এই মর্যাদাবান পুরস্কার টানা তিনবার জেতেন কেবল ফ্রান্সের মিশেল প্লাতিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩৮ ঘ.