২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনহোকে অভিনন্দন রোনালদোর

রিয়াল মাদ্রিদের হয়ে শততম গোলের মাইলফলকে পৌঁছানোয় সহায়তা করার জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো দলের কোচ হোসে মরিনহো ও সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 06:38 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের হয়ে শততম গোলের মাইলফলকে পৌঁছানোয় সহায়তা করার জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো দলের কোচ হোসে মরিনহো ও সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন। স্তাদে দি গারল্যান্ডে বুধবার অলিম্পিক লিওঁর বিপক্ষে ২-০ গোলে জেতে মাদ্রিদ। দুটো গোলই আসে ২৬ বছর বয়সী পর্তুগালের আক্রমণভাগের এই খেলোয়াড়ের পা থেকে। পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে রোনালদো তার শততম গোলের মাইলফলকে পৌঁছান। এটি ছিল দলটির হয়ে তার ১০৫তম ম্যাচ। "এত তাড়াতাড়ি যে এক শ'তম গোলের মাইলফলকে পৌঁছে যাবো, তা আমি ভাবিনি," ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক 'উইঙ্গার' মাদ্রিদের ওয়েবসাইটে বলেন, "আমি সতীর্থ ও দলের কোচ হোসে মরিনহোকে ধন্যবাদ দিতে চাই। কেননা তিনিই (মরিনহো) আমাকে খেলার সুযোগ করে দিচ্ছেন। খেলোয়াড় ও মানুষ হিসেবেও আমাকে গড়ে তুলছেন তিনি।" এরপর রোনালদো কথা বলেন দলের জয় নিয়ে, "খেলায় জেতা ও পরের পর্বে জায়গা করে নেয়াই আসল কথা এবং আমরা তা করেছি। এমন একটি দলের বিপক্ষে আমরা সকলেই ভালো খেলেছি, যারা আমাদের কাজ কঠিন করে তুলেছিল।" "এই জয়ের ধারা আমাদের ধরে রাখতে হবে। সেই সঙ্গে এড়িয়ে যেতে হবে অন্যান্য দলের সঙ্গে তুলনা," যোগ করেন তিনি। রোনালদো মনে করেন, তারা আগের চেয়ে এখন অনেক বেশি পরিণত হয়েছেন। লা লিগায় দশ খেলায় ২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মাদ্রিদ। সমান খেলায় এক পয়েন্ট কম নিয়ে মাদ্রিদের ঠিক পেছনেই রয়েছে বার্সেলোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২৬ ঘ.