ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজকে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে ফেরার একটি সুযোগ দিয়েছেন কোচ রবার্তো মানচিনি। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার আগে গা গরম করতে না চাওয়ার জন্য তেভেজকে ক্ষমা চাইতে হবে বলে তিনি জানান।
ভালেন্সিয়া বিমান বন্দরে মানচিনি সাংবাদিকদের বলেন, "যদি কার্লোস ক্ষমা চান তাহলে সব কিছুই আগের মতো হয়ে যাবে। আর না চাইলে জানুয়ারিতে তাকে বিক্রি করে দেয়া হবে।"
তেভেজই এর সমাপ্তি টানতে পারেন বলে উল্লেখ করে মানচিনি বলেন, 'সরি' একটি ছোট্ট শব্দ, বলতেও সহজ।
তেভেজের দুই সপ্তাহের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ার পর এসব কথা বলার জন্যই মানচিনি তাকে তার বাসায় ডেকেছিলেন বলে জানান।
এ প্রসঙ্গে মানচিনি বলেন, "কিন্তু এটি গতকালের নয়, ২০ দিন আগের কথা। সেদিন আমি তাকে ক্ষমা চাইতে বলি। জবাবে কার্লোস বলেছিলেন, না। আমি তার এজেন্টকে চিনি না। তবে তার আশপাশের লোকজন তাকে খারাপ পরামর্শ দিচ্ছেন।"
এ সময় খেলোয়াড়ী-জীবনে নিজের বিতর্কে জড়িয়ে পড়ার ঘটনা তুলে ধরে মানচিনি বলেন, "যে বারই আমি ভুল করেছি, সেবারই ক্ষমা চেয়েছি। 'সরি' কথাটা বলা খুবই সহজ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৭ ঘ.
bdnews24