২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেরিকে নিয়ে পুলিশের তদন্ত শুরু

চেলসি ও ইংল্যান্ড অধিনায়ক জন টেরির বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। বর্ণবাদী শব্দ ব্যবহার করে প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে গালি দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 06:47 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসি ও ইংল্যান্ড অধিনায়ক জন টেরির বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। বর্ণবাদী শব্দ ব্যবহার করে প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে গালি দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ২৩ অক্টোবর ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে খেলার সময় দলটির রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্টন ফার্ডিনান্ডকে 'কৃষ্ণাঙ্গ' বলে গালি দেন টেরি। খেলা শেষ হওয়ার পরপর ওই ঘটনার একটি ভিডিও-চিত্র প্রচার করা হয় ইন্টারনেটে। খেলায় চেলসি হার মানে ১-০ গোলে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ঘটনার কথা তাদের জানানো হয় সেদিনই। হ্যামারস্মিথ ও ফুলহ্যামের পুলিশ কর্মকর্তারা ঘটনাটি নিয়ে তদন্ত করছেন। ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (এফএ) এক বিবৃতিতে জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশ তাদের তদন্ত শুরু করার কথা এফএ-কে জানিয়েছে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে এফএ-এর মন্তব্য করা ঠিক হবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে ফার্ডিনান্ড তার বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন এফএ-এর কাছ জমা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৪ ঘ.