ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঙ্গেরির সাবেক 'স্ট্রাইকার' ও ইউরোপের বর্ষসেরা ফুটবলার ফ্লোরিয়ান অ্যালবার্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০।
তিনি মারা যান সোমবার ভোরের দিকে। এর আগে শুক্রবার তার বাইপাস অপারেশন করা হয়।
ফ্লোরিয়ানই হাঙ্গেরির একমাত্র খেলোয়াড়, যিনি ব্যালোন ডি'অর পুরস্কার জেতেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক তারকা ববি চার্লটনকে টপকে এই পুরস্কার জিতে নেন তিনি ১৯৬৭ সালে। চার্লটন ৪০ ভোট পেলেও ফ্লোরিয়ান পান ৬৮টি।
হাঙ্গেরির জাতীয় দলে ফ্লোরিয়ান খেলেন ১৯৫৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত। হাঙ্গেরির লিগে ফ্রেঙ্কভারোস দলের হয়ে ৩৫১ খেলায় গোল করেন ২২৫টি।
১৯৬০ সালের অলিম্পিক গেমসে হাঙ্গেরির ব্রোঞ্জ পদক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ১৯৬৪ সালে ইউরোপ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়েও তার অবদান কখনোই ভুলে যাওয়ার মতো নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৪০ ঘ.
bdnews24