ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত লেভান্তের স্বপ্ন যাত্রার রাশ টেনে ধরলো ওসাসুনা। রোববার দশজনের ওসাসুনার কাছে ২-০ গোলে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেলো লেভান্তে। গত সাতটি ম্যাচে টানা জয় পাওয়া স্পেনের লা লিগার সবচেয়ে কম বাজেটের দল লেভান্তে গত দুই রাউন্ডে লিগ তালিকায় শীর্ষে ছিলো। যা তাদের ১০২ বছরের ফুটবল ইতিহাসে প্রথম।
ওসাসুনার কাছে হারের ফলে ১০ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে লেভান্তের অবস্থান তৃতীয়। ১০ খেলায় ওসাসুনার পয়েন্ট ১৪। উঠে এসেছে তালিকার আট নম্বরে। সমান খেলায় ২৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে। এক পয়েন্ট কম নিয়ে বার্সেলোনা দুই নম্বরে।
লেভান্তের বিপক্ষে খেলার ৪০ মিনিটে আলভারো চেজুদো ও চার মিনিট পর নিনো গোল করে ওসাসুনাকে ২-০ গোলে এগিয়ে নেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে লেভান্তে। ৫৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন ওসাসুনার প্রথম গোলদাতা চেজুদো। দশজন নিয়ে কিছুটা রক্ষণাত্মক খেলা শুরু করে দুই গোলে এগিয়ে থাকা ওসাসুনা।
আর প্রতিপক্ষে একজন খেলোয়াড় কম থাকার কোনো সুবিধাই নিতে পারেনি লেভান্তে। ফলে মৌসুমের প্রথম হারের লজ্জা নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ে তারা।
খেলা শেষে লেভান্তের কোচ হুয়ান ইগনাচিও মার্টিনেজ বলেন, "জিততে থাকা অবস্থায় দল যে হারতেও পারে এটা বিশ্বাস করা খুব কঠিন। এটা সত্যিই যে আমরা ভালো অবস্থায় আছি। তবে আমরা এটাও জানি যে এটা কঠিন খেলা ছিলো।"
অন্যান্য খেলায় রিয়াল সান্তান্দার ১-০ গোলে বেটিসকে, আতলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে জারাগোজাকে ও মালাগা ২-১ গোলে এসপানিওলকে হারিয়েছে। আর স্পোর্টিং গিজন-বিলবাও খেলাটি ১-১ গোলে ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩৫৮ ঘ.
bdnews24