২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জিতে কেভিতোভাই দুই নম্বরে

ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কাকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মত খেলতে নেমেই ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতলেন উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। সেই সঙ্গে মারিয়া শারাপোভাকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ে তার দুই নম্বরে ওঠাও নিশ্চিত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কাকে ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মত খেলতে নেমেই ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতলেন উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। সেই সঙ্গে মারিয়া শারাপোভাকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ে তার দুই নম্বরে ওঠাও নিশ্চিত হলো। ইস্তাম্বুলে রোববারের ফাইনাল খেলা শেষে কেভিতোভা বলেন, "ভাবতেই পারিনি এখানে আমিই চ্যাম্পিয়ন হব। এটা সত্যি আমার জন্য বিশাল কিছু।" শীর্ষ ৩০ এর বাইরে থেকে বছর শুরু করা কেভিতোভা মোট ছয়টি শিরোপা ঘরে তুলে বছর শেষ করতে যাচ্ছেন। রোববারের ফাইনালে প্রথম সেটে ৫-০ পয়েন্টে এগিয়ে যান কেভিতোভা। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৫-৫ এ সমতায় আসেন অ্যাজারেঙ্কা। তবে শেষ পর্যন্ত ৭-৫ এ ওই সেট জিতে নেন কেভিতোভা। তবে পরের সেটটি ৪-৬ এ জিতে লড়াইয়ের আভাস দিয়েছিলেন অ্যাজারেঙ্কা। কিন্তু তৃতীয় সেটের প্রথম গেমে তিনটি 'ব্রেক পয়েন্ট' বাঁচিয়ে এগিয়ে যান কেভিতোভা এবং সেটটি জিতে নেন ৬-৩ এ। অ্যাজারেঙ্কার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৪-২ এ এগিয়ে কেভিতোভা প্রথমবারের মত উঠতে যাচ্ছেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে। তবে এর আগে তিনবার ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ খেলা অ্যাজারেঙ্কাও এক ধাপ এগিয়ে উঠে যাবেন তিন নম্বর। আর দুই নম্বরে থাকা রাশিয়ার শারাপোভাকে নেমে যেতে হবে চার নম্বরে। চোটের কারণে ইস্তাম্বুলে দুই ম্যাচ পর এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেয়া শারাপোভার সামনে সুযোগ ছিলো বর্তমানে শীর্ষে থাকা ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে সরিয়ে আবারো র‌্যাঙ্কিং সেরা হওয়ার। কিন্তু চোটের কারণে চ্যালেঞ্জটি নিতেই পারেননি শারাপোভা। তাই শীর্ষে থেকেই টানা দ্বিতীয় বছর শেষ করতে যাচ্ছেন ওজনিয়াকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩৩৪ ঘ.