২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে ম্যান সিটি, ম্যান ইউ ও আর্সেনাল

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার দশজন নিয়েই ৩-১ গোলে জিতেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। সেই সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান ধরে রেখেই শীর্ষে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে ম্যানচেস্টার সিটি। শনিবার দশজন নিয়েই ৩-১ গোলে জিতেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। সেই সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান ধরে রেখেই শীর্ষে তারা। এছাড়াও জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, সোয়ানসি সিটি, ফুলহ্যাম ও লিভারপুল। ম্যান ইউ ১-০ গোলে এভারটনকে, আর্সেনাল ৫-৩ গোলে চেলসিকে, সোয়ানসি সিটি ৩-১ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে ও লিভারপুল ২-০ গোলে ওয়েস্ট ব্রমউইচকে হারিয়েছে। আর নরউইচ সিটি-ব্ল্যাকবার্ন রোভার্স এবং সান্ডারল্যান্ড-অ্যাস্টন ভিলা খেলা দুইটি ২-২ গোলে ড্র হয়। ১০ খেলায় ম্যান সিটির পয়েন্ট ২৮। সমান খেলায় দুই নম্বরে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউর পয়েন্ট ২৩ ও তিন নম্বরে থাকা চেলসির পয়েন্ট ১৯। চেলসিকে হারানো আর্সেনালের পয়েন্ট ১৬। তালিকায় অবস্থান সাত নম্বরে। আর ১০ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল পঞ্চম স্থানে। স্বাগতিক ম্যানচেস্টার সিটির সঙ্গে বল দখলের লড়াইয়ে পাল্লা দিয়েই খেলছিলো উলভারহ্যাম্পটন। তবে প্রথমার্ধে গোলরক্ষক হেনেসেই দারুণ দক্ষতায় অন্তত তিনটি গোল খাওয়া থেকে বাঁচান অতিথিদের। তবে ৫২ মিনিটে আর পারেননি হেনেসেই। সার্জিও অ্যাগুয়েরোকে থামাতে এগিয়ে যান হেনেসেই। অ্যাগুয়েরো বল দেন অরক্ষিত এডিন জোকোকে। তার পর বল আশ্রয় নেয় জালে। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রক্ষণভাগের খেলোয়াড় আলেকসান্দার কোলারোভ। স্ট্রাইকার ডেভিড সিলভার কাছ থেকে বল পেয়ে গোল করেন কোলারোভ। এর আট মিনিট পর ম্যান সিটির বক্সে উলভারহ্যাম্পটনের স্ট্রাইকার কেভিন ডোয়েলেকে অবৈধভাবে বাধা দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন রক্ষণভাগের খেলোয়াড় ভিনসেন্ট কোম্পানি। পেনাল্টি পায় অতিথিরা। পেনাল্টি থেকে গোল করেন স্টেফেন হান্ট। কিছুটা শঙ্কায় পড়ে ম্যান সিটি। তবে খেলার একেবারে শেষ মুহূর্তে গোল করে ম্যান সিটির সেই শঙ্কা কাটিয়ে দেন অ্যাডাম জনসন। এর আগে স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই জমে ওঠে আর্সেনাল ও চেলসির খেলা। দর্শকদের সবাই নিঃসন্দেহে স্বীকার করবেন, পকেটের পয়সা তাদের মাঠে মারা যায়নি। খেলার ১৪ মিনিটেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এগিয়ে নেন চেলসিকে। ৩৬ মিনিটে খেলায় সমতা ফেরান আর্সেনালের পার্সি। খেলার ৪৫ মিনিটে চেলসিকে আবারো এগিয়ে নেন অধিনায়ক জন টেরি। আন্দ্রে স্যান্টোস গোল শোধ করেন ৪৯ মিনিটে। এবার আর চেলসি নয়, এগিয়ে যায় আর্সেনাল। গোল দেন থিও ওয়ালকট, খেলার ৫৬ মিনিটে। ৮১ মিনিটে জুয়ান মাতা খেলায় ফিরিয়ে আনেন চেলসিকে। প্রথম থেকেই ভালো খেলছিলেন পার্সি। আর শেষ দিকে রীতিমতো জ্বলে ওঠেন তিনি। ৮৫ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। জয় নিশ্চিত করেন তিনি যোগ করা সময়ে (৯০ )। গুডিসন পার্কে ম্যান ইউ ও এভারটনের খেলাও ছিল উত্তেজনায় ঠাসা। যদিও খেলার ১৯ মিনিটে হাভিয়ের হার্নান্দেজের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। আর এক পয়েন্ট না পাওয়াই ছিল এভারটনের দুর্ভাগ্য। ২০০৭ সালের পর এই প্রথম গুডিসন পার্কে জয়ের মুখ দেখলো ম্যান ইউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬০৮ ঘ.