ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে স্পেনের লা লিগায় শনিবার বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে রিয়াল মায়োর্কাকে। এদিকে গনজালো হিগুয়াইনের একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লিগ তালিকায় শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
তবে এক ম্যাচ কম খেলা লেভান্তে যদি রোববার ওসাসুনাকে হারাতে পারে তাহলে তারাই আবার শীর্ষে উঠে যাবে।
অন্যান্য খেলায় ভ্যালেন্সিয়া ৩-১ গোলে গেটাফেকে ও ভিয়ারিয়াল ২-০ গোলে রায়ো ভায়েকানোকে হারিয়েছে।
১০ খেলায় ২৫ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সমান খেলায় ২৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা দ্বিতীয় স্থানে। ৯ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে বর্তমানে লেভান্তে তৃতীয়। ১০ খেলায় ২১ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া চতুর্থ স্থানে।
স¤প্রতি কয়েকটি খেলায় নিজের সেরাটা দিতে পারেননি ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসি। তাকে নিয়ে সামালোচনায়ও শুরু হয়েছিলো। ক্যারিয়ারের ত্রয়োদশ হ্যাটট্রিক করে ওই সব সমালোচনার ভালোই জাবাব দিলেন মেসি। সেই সঙ্গে ১৩ গোল নিয়ে তিনিই লিগে শীর্ষ গোলদাতা।
খেলা শেষে মেসি বলেন, "মাত্র তিনটি খেলা দেখে যারা বলে আমি সমস্যায় পড়েছি তারা আসলে পাগল। যদিও এতে আমার কিছুই মনে হয় না। যখন পারি আমি গোল করি। যখন পারি না তখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলের জয়।"
'নু ক্যাম্পে' খেলার ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। ১৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। প্রথমার্ধে এই তিন গোলই হয়।
৫০ মিনিটে বার্সার তরুণ খেলোয়াড় আইজ্যাক লোপেজ ও অতিরিক্ত সময়ে (৯০ ১) দানিয়েল আলভেসের গোলে পাঁচ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এদিকে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলার ৯ মিনিটেই অতিথি রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন গনজালো হিগুয়াইন। ফ্যাবিও কোয়েন্তরাও'র কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন হিগুয়াইন।
সোসিয়েদাদও বেশ কয়েকবার আক্রমণে উঠেছিলো। কিন্তু রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস দক্ষতার সঙ্গে ওই সব আক্রমণ রুখে দেন।
শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২৩০ ঘ.
bdnews24