২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ হকি খেলোয়াড়কে ফেডারেশনের কারণ দর্শাও নোটিশ

জাতীয় যুব হকির ফাইনাল চলাকালে খেলা বন্ধ করে দেয়ায় সাবেক ও বর্তমান ২৫ হকি খেলোয়াড়কে কারণ দর্শাও নোটিশ পাঠাতে যাচ্ছে ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় যুব হকির ফাইনাল চলাকালে খেলা বন্ধ করে দেয়ায় সাবেক ও বর্তমান ২৫ হকি খেলোয়াড়কে কারণ দর্শাও নোটিশ পাঠাতে যাচ্ছে ফেডারেশন। সাবেক সাধারণ সম্পাদক শামসুল বারীর নেতৃত্বে তদন্ত কমিটি শনিবার এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার খেলোয়াড়দের কাছে নোটিশের কপি পৌঁছে দেয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে খেলোয়াড়দের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এ সম্পর্কে শামসুল বারী বলেন, "খেলোয়াড়রা মাঠে ঢুকে কেন খেলা বন্ধ করে দিয়েছে আমরা এ বিষয়টি জানতে চাইছি তাদের কাছে।" এদিকে শনিবার সন্ধ্যায় হকি খেলোয়াড়রাও এক বৈঠকে বসে। খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স জানান, "আবাহনী, মোহামেডান, ঊষা ক্রীড়া চক্র এবং মেরিনার ইয়াংস ক্লাবের সদস্যদের নিয়ে খেলোয়াড়রা সভায় যোগ দেয়। কারণ দর্শাও নোটিশ হাতে পাওয়ার পর সবাই একসঙ্গে এর জবাব দেব।" "ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদেরকে ডেকে পাঠিয়েছেন সমস্যা সমাধানের জন্য। আগামীকাল এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। কিন্তু মন্ত্রীর সঙ্গে কথা বলার আগেই ফেডারেশনের এমন কার্যক্রম পরিস্থিতি জটিল করে তুলবে," যোগ করেন জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়। গত ২৪ অক্টোবর ঢাকা ও রাজশাহীর মধ্যকার জাতীয় যুব হকির ফাইনাল ম্যাচের ৪৬ মিনিটের সয়ম খেলা বন্ধ করে দেন জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। 'হকি বাঁচাও' স্লে¬াগানে ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিলের পদত্যাগের দাবিতে খেলোয়াড়রা মাঠে অবস্থান নিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১২২ ঘ.