ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজের জরিমানা বৃহস্পতিবার অর্ধেক কমাতে বাধ্য হয়েছে ম্যানচেস্টার সিটি।
গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি হিসেবে তেভেজ খেলতে চাননি বলে দলের কোচ রবার্তো মানচিনি অভিযোগ করেন। তবে তেভেজ তা অশ্বীকার করেন। এরপর এ ব্যাপারে শুনানি শেষে তেভেজের চার সপ্তাহের বেতন অর্থাৎ এক মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়।
খেলায় ২-০ গোলে হার মানে ইংল্যান্ডের দলটি।
কিন্তু ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সমিতির (পিএফএ) প্রধান নির্বাহী গর্ডন টেইলর জরিমানার এই অঙ্ক অনুমোদন করতে অস্বীকার করেন। ইংল্যান্ডের ফুটবলের বিধিবিধানে বলা হচ্ছে, কোনো খেলোয়াড়ের জরিমানা তার দুই সপ্তাহের বেতনের বেশি হলে পিএফএ'র অনুমোদনের প্রয়োজন হয়।
শুনানির সময় টেইলর উপস্থিত থেকে তেভেজকে সমর্থনও জানান।
চার সপ্তাহের জরিমানা কার্যকর করতে না পেরে ম্যান সিটি বৃহস্পতিবার জরিমানা অর্ধেকে কমিয়ে আনার ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৩ ঘ.
bdnews24