ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী সৌদি আরব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়।
এর আগে বিকেল ৪টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইরাক ও মালদ্বীপ।
ইরাকের সঙ্গে বিধ্বস্ত হলেও সৌদি আরবকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন নিকোলা ইলিয়েভস্কি। তবে কাজটি যে ভীষণ কঠিন হবে তা জানাতে দ্বিধা করেননি বাংলাদেশ দলের মেসিডোনীয় কোচ।
তিনি বলেন, "আগের ম্যাচে ইরাকের কাছে ছয় গোল খাওয়ার পর বুঝতে পেরেছি আমাদের ক্ষমতা কতোটুকু। তারপরও আমি সৌদি আরবের বিপক্ষে জিততে চাই। যদিও ওদের সঙ্গে ড্র করাও আমাদের পক্ষে ভীষণ কঠিন হয়ে পড়বে। সৌদি আরব আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী।"
"ইরাকের বিপক্ষে ছেলেরা অনেক বেশি ভুল করেছে। তা না হলে আমাদের এতগুলো গোল খেতে হতো না," যোগ করেন বাংলাদেশ কোচ।
ইলিয়েভস্কি জানান, "সেই ম্যাচে বাংলাদেশ অন্তত ১৫ গোল খেতে পারতো। ইরাক এতই গতিময় ফুটবল খেলেছে যে তাদের আটকানো আমাদের পক্ষে সম্ভব হয়নি।"
"হয়তো রক্ষণাত্মক খেললে আরও কম গোল খেতাম। কিন্তু আমি রক্ষণাত্মক ফুটবলের পক্ষে নই। আক্রমনাত্মক ফুটবলই আমার কোচিংয়ের দর্শন," যোগ করেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক আব্দুল মালেক বলেন, "আগের ম্যাচের ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চাই আমরা। সৌদি আরব অবশ্যই শক্তিশালী দল। কিন্তু আমরাও ওদের সহজে ছাড় দেবো না।"
মালদ্বীপের বিপক্ষে দুই গোল করা স্ট্রাইকার মাসুদ রানার কণ্ঠেও একই কথা। তিনি বলেন, "সৌদি আরব যে ভালো দল তা মেনে নিতে কোনো সমস্যা নেই। তবে আমাদের চেষ্টা থাকবে নিজেদের সাধ্য মতো ভালো খেলার।"
ইরাকের কাছে বিশাল ব্যবধানে হেরে গেলেও সৌদি আরবের কোচ খালেদ আলকুরুনি বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই মনে করছেন। তিনি বলেন, "ইরাকের কাছে হেরে যাওয়ার পর বাংলাদেশ চাইবে ঘুরে দাঁড়াতে। কারণ তাদের লক্ষ্য পরের পর্বে ওঠা। আমরা জয়ের পরিকল্পনা নিয়েই তাদের মুখোমুখি হবো।"
"বাংলাদেশ যথেষ্ট গোছানো দল। ওদের বেশ কয়েক জন ভালো খেলোয়াড় আছেন। ওদের সঙ্গে আমাদের লড়াইটা উপভোগ্যই হবে, " জানান আলকুরুনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২১ঘ.
bdnews24