ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌসুমের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপে পেত্রা কেভিতোভার কাছে ৬-৪ ও ৬-২ গেমে হেরেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। আর এই খেলায় জিতে সেমিফাইনালে জায়গা করে নেন কেভিতোভা।
বৃহস্পতিবার কেভিতোভার আগেই সেমিফাইনালে ওঠেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। চীনের লি না'র বিপক্ষে আজারেঙ্কা জেতেন ৬-২ ও ৬-২ গেমে।
অপর খেলায় ষষ্ঠ বাছাই ভেরা জভোনারেভার বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে আগনিয়েস্কা রাদওয়ানস্কাকে। প্রথম সেট ১-৬ এ হারলেও পরের দুই সেট ৬-২ ও ৭-৫ এ জেতেন তিনি।
কেভিতোভার কাছে হারের জন্য শারীরিক দুর্বলতাকে দায়ী করেন ওজনিয়াকি। তিনি বলেন, "আজ (বৃহস্পতিবার) পেত্রা ভালো খেলেছে। তবে আমার খুব ক্লান্ত লাগছিলো। কিছুটা অসুস্থও ছিলাম। উপরের সারির একজন খেলোয়াড়কে এই অবস্থায় হারানো কঠিন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০০০ ঘ.
bdnews24