ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উলভারহ্যাম্পটনকে ৫-২ গোলে হারিয়ে ইংল্যান্ডের কার্লিং কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। বুধবার অন্য খেলায় লিভারপুল ২-১ গোলে স্টোক সিটিকে, চেলসি একই ব্যবধানে এভারটনকে ও ব্ল্যাকবার্ন রোভার্স ৪-৩ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে।
এই সপ্তাহে রীতিমত গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। রোববার প্রিমিয়ার লিগের খেলায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৬-১ গোলে হারানোর পর উলভারহ্যাম্পটনের বিপক্ষেও বড় জয় পেল দলটি।
যদিও নিজেদের মাঠে গোলের শুরুটা করেছিলো উলভারহ্যাম্পটনই। ১৮ মিনিটে নেনাড মিলিজাস গোল করে দলকে এগিয়ে নেন। সমান তালেই খেলছিলো দল দুইটি।
তবে হঠাৎ করেই যেন উলভারহ্যাম্পটনের রক্ষণভাগে খেলা ভুলে যায়। মাত্র চার মিনিটের ব্যবধানে তিন তিনটি গোল করে বসে ম্যান সিটি। ৩৭ মিনিটে শুরু করেন মাঝমাঠের খেলোয়াড় অ্যাডাম জনসন। ৩৯ মিনিটে আরেক মাঝমাঠের খেলোয়াড় সামির নাসরি ও ৪০ মিনিটে স্ট্রাইকার এডিন জেকো।
ওই ধাক্কা যেন কিছুতেই সামলে উঠতে পারছিলেন না উলভারহ্যাম্পটনের গোলরক্ষক ডোরুস ডি ভ্রিয়েস। ৫০ মিনিটে লুকা স্কাপুজ্জির আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন তিনি।
৬৪ মিনিটে জেকো নিজের দ্বিতীয় গোলটি করলে ৫-১ এ এগিয়ে যায় ম্যান সিটি। যদিও এক মিনিট পরই উলভারহ্যাম্পটনের বদলি খেলোয়াড় জ্যামি ও'হারা গোল করেন। তবে এতে পরাজয়ের ব্যবধানই শুধু কমেছে।
ম্যাচ সেরা হয়েছেন জনসন। তবে ম্যান সিটি কোচ রবার্তো মানচিনির মতে আরো ভালো খেলা উচিত ছিলো জনসনের।
মানচিনি স্কাই স্পোর্টসকে বলেন, "সে ভালো খেলেছে। তবে আমার মনে হয় সে আরো ভালো করতে পারতো। একজন সেরা উইঙ্গার হওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছুই তার আছে।"
এদিকে স্টোক সিটির বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে ছিলো লিভারপুল। তবে লুই সুয়ারেজের কৃতিত্বে শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে তারা। ৫৪ ও ৮৪ মিনিটে গোল দুইটি করেন সুয়ারেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২৪৫ ঘ.
bdnews24