২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কঠিন পরীক্ষা

বৃহস্পতিবার এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ইরাক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ইরাক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭ টায়। এর আগে বিকেল ৪টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান ও মালদ্বীপ। বাংলাদেশের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কি এই ম্যাচকে কঠিন পরীক্ষা হিসেবে মেনে নিচ্ছেন নির্দ্বিধায়। তিনি বলেন, "আগের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে আমরা ৩-০ গোলে জিতলেও রাতে আমার ঘুম হয়নি। কারণ পরের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্র্ণ। প্রতিপক্ষ ইরাকের মতো শক্তিশালী দল। এই ম্যাচেই আমাদের আসল পরীক্ষা দিতে হবে। " "মালদ্বীপের সঙ্গে আমরা ভালো খেলেছি ঠিকই, তবে ইরাকের সঙ্গে আমাদের আরও ভালো খেলতে হবে," যোগ করেন বাংলাদেশ কোচ। এই ম্যাচে বাংলাদেশ দলের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসছে। মালদ্বীপের সঙ্গে খেলা পাঁচ জন ইরাকের বিপক্ষে প্রথম একাদশে থাকবেন না। তারা হলেন মালদ্বীপের সঙ্গে দুই গোল করে জয়ের প্রধান স্থপতি মাসুদ রানা এবং রুবেল, ওয়াহেদ, সিফাত ও রাসেল। মাসুদ রানাকে প্রথম একাদশে না রাখা প্রসঙ্গে ইলিয়েভস্কি বলেন, "এটা আমার একটা কৌশল। আমি চাই সে যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ যেন নিজের সেরা ছন্দে খেলতে পারে। তাছাড়া তার পায়েও ব্যথা আছে। তবে তা খেলার পথে বাধা হয়ে দাঁড়াবে না বলেই আমার বিশ্বাস।" প্রতিপক্ষ ইরাক সম্পর্কে তেমন ধারণা নেই ইলিয়েভস্কির। এ প্রসঙ্গে তিনি বলেন, " আমি আগে কখনো ইরাকের খেলা দেখিনি। তাদের সম্পর্কে আমার তেমন ধারণাও নেই।" ইরাকের কোচ হাকিম শাকেরও বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মেনে নিচ্ছেন। তিনি বলেন, "এই গ্র"পের প্রতিটি দলই শক্ত প্রতিপক্ষ। পরবর্তী পর্বে যেতে হলে আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে। আমাদের লক্ষ্য টুর্নামেন্টের মূল পর্বে খেলা।" মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের আগের ম্যাচটি দেখেছেন ইরাকের কোচ। বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ শাকের বলেন, "প্রথম ম্যাচে বাংলাদেশ চমৎকার খেলেছে। বিশেষ করে মাসুদ রানার খেলার প্রশংসা করতেই হবে। তিনি যে কোনো দলের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০০ঘ.