ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় মঙ্গলবার বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে নয় জনের দলে পরিণত হওয়া গ্রেনাদাকে। একমাত্র গোলটি করেন বার্সার হয়ে রেকর্ড ৩৯২তম লিগ ম্যাচ খেলতে নামা জাভি।
এত দিন রেকর্ডটি ছিলো মিগুয়েলির অধিকারে। ১৯৭৩ থেকে '৮৯ পর্যন্ত বার্সার পক্ষে খেলেছিলেন এই ডিফেন্ডার।
এই জয়ের ফলে ৯ খেলায় ২১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে চলে গেছে গত তিন বারের চ্যাম্পিয়নরা।
সেভিয়া-রেসিং সান্তান্দারের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
গ্রেনাদার মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলছিলো বার্সেলোনা। কিন্তু কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ৩৪ মিনিটে জাভির ৩০ গজ দূর থেকে নেয়া চমৎকার ফ্রি-কিক এগিয়ে দেয় বার্সেলোনাকে।
৫৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রেনাদার মিডফিল্ডার জেইমি রোমেরো। শেষ মুহূর্তে রেফারির বাঁশি অগ্রাহ্য করে অকারণে বলে শট নেয়ার অপরাধে আরেক মিডফিল্ডার দানি বেনিতেজকেও দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়।
পুরো ম্যাচে অনেকগুলো সুযোগ পেলেও শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়ে বার্সেলোনাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৪০ ঘ.
bdnews24