ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের সার্বিয়ান ডিফেন্ডার নেমানিয়া ভিদিচ জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দলে তরুণদের জায়গা করে দিতেই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি।
জাতীয় দলের হয়ে ৫৬টি ম্যাচ খেলে দুটি গোল করেছেন ভিদিচ।
গত মাসে ইউরো-২০১২'র বাছাই পর্বে স্লোভানিয়ার বিপক্ষে তিনি পেনাল্টি থেকে গোল করতে পারেননি। ম্যাচটি ০-১ গোলে হেরে যায় সার্বিয়া। তার পর থেকেই স্বদেশে সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছিল ভিদিচকে।
ঐ ম্যাচে হেরে যাওয়ায় ইউরো-২০১২'র চূড়ান্ত পর্বে অংশ নিতে সার্বিয়াকে 'প্লে অফ' ম্যাচ খেলতে হবে।
৩০ বছর বয়সী ভিদিচ এক বিবৃতিতে বলেন, "সিদ্ধান্তটা নিয়ে আমি অনেক ভেবেছি। সিদ্ধান্তটা নিতে আমার খুব কষ্ট হয়েছে। তারপরও সার্বিয়ার জাতীয় দলকে বিদায় জানিয়ে দিলাম।"
"দশ বছর দেশের হয়ে খেলার পর আমার মনে হয়েছে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। এর ফলে নতুন খেলোয়াড়রাও উঠে আসার সুযোগ পাবেন," যোগ করেন তিনি।
ভিদিচ বলেন, "এই সিদ্ধান্তের প্রধান কারণ জাতীয় দলে আমার খেলা নিয়ে সংবাদ মাধ্যম ও দেশের মানুষের বিরূপ সমালোচনা। যদিও কখনো, কখনো আমি চোট নিয়েই জাতীয় দলের হয়ে খেলেছি। খেলেছি আমার ক্লাবের ইচ্ছার বিরুদ্ধেও।"
স্লোভানিয়ার কাছে হেরে যাওয়ার পর ইন্টার মিলানের মিডফিল্ডার দেজান স্তানকোভিচও সার্বিয়ার জাতীয় দল থেকে অবসর নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৩৫৮ ঘ.
bdnews24