ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে একটি নতুন রেকর্ড হয়েছে। সোমবার মহিলাদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে বাংলাদেশ আনসারের ডলি আক্তার রেকর্ড গড়ে সোনা জিতেছেন। তিনি সময় নেন ৩৪.৯২ সেকেন্ড। আগের রেকর্ড ছিল ৩৫.১৬ সেকেন্ড।
মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বাংলাদেশ নৌবাহিনীর প্রাধান্য চলছেই। ১২টি সোনা জিতে শীর্ষে আছে তারা। ১১ টি সোনা জিতে আনসারের অবস্থান দ্বিতীয়।
আনসারের সোনিয়া আক্তার ৬টি সোনা জিতেছেন। এছাড়া নৌবাহিনীর রুবেল রানা ৪টি এবং আনসারের ডলি আক্তার ও নৌবাহিনীর মাহফিজুর রহমান ৩ টি করে সোনা জিতেছেন। নৌবাহিনীর অনিক ইসলাম ও বিকেএসপির আফসানা তালুকদার জিতেছেন ২টি করে সোনা।
ওয়াটার পোলোর ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। মঙ্গলবার সকালে ফাইনালে মুখোমুখি হবে দুদল। সোমবার সেমিফাইনালে সেনাবাহিনী ৬-৪ গোলে বিমানবাহিনীকে এবং নৌবাহিনী ৮-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৪ঘ.
bdnews24