ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলে হারানোর পরও ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি বলছেন, তার দলের চেয়ে ম্যান ইউ যথেষ্ট ভালো।
খেলা শেষে এক সংবাদ সম্মেলনে মানচিনি বলেন, "এটি কেবল একটি ম্যাচ। আমার মনে হয়, ম্যান ইউ এখনো আমাদের চেয়ে এক গজ এগিয়ে আছে। আমরা শিরোপা জিতলেই কেবল এর পরিবর্তন হতে পারে, অন্যথায় নয়।"
ওল্ড ট্র্যাফোর্ডে ১৮ মাসের মধ্যে প্রথম হারের তিক্ত স্বাদ নিতে ম্যান ইউকে বাধ্য করেছে মানচিনির খেলোয়াড়রা। শুধু তাই নয়, প্রতিদ্বন্দ্বিতার কোনো চিহ্নই ছিল না খেলায়। রীতিমতো ৬টি গোলের তিক্ত স্বাদ নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। পক্ষান্তরে তারা গোল দিয়েছে মাত্র একটি।
ম্যান সিটির ছয়টি গোলের মধ্যে দুটো করে দেন মারিও বালোতেল্লি ও এডিন জেকো। সার্জিও অ্যাগুয়েরো ও দাভিদ সিলভা করেন একটি করে গোল।
এ মৌসুমে নয় খেলায় ৩৩ গোল করলো ম্যান সিটি।
দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় দশজনের দল নিয়ে খেললেও আক্রমণ চালাতে দ্বিধা করেনি ম্যান ইউ। প্রতিপক্ষের এই মানসিকতারও প্রশংসা করেন মানচিনি।
বড় ব্যবধানে হারলেও ম্যান ইউ'র আস্থায় চিড় ধরবে বলে মনে করেন না মানচিনি। তিনি বলেন, "গোলের সংখ্যা বিবেচনায় না নিলে এটি একটি জয়ের বেশি আর কিছুই নয়। আমার মতো তারাও জানে তারা কেবল তিন পয়েন্ট হারিয়েছে।"
"মৌসুম অনেক লম্বা। তাই আমার মনে হয়, চার অথবা পাঁচটি দলের যে কোনো একটি শিরোপা জিততে পারে, যোগ করেন তিনি।
ম্যান সিটি ২৫ পয়েন্ট নিয়ে এখন তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ম্যান ইউ। দলটির পয়েন্ট ২০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১১ ঘ.
bdnews24