২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদী মন্তব্য করার কথা উড়িয়ে দিলেন টেরি

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের খেলার সময় কুইন্স পার্ক রেঞ্জার্সের রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্টন ফার্ডিনান্ডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন চেলসি অধিনায়ক জন টেরি। তিনি জোর দিয়ে বলেন, এটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের খেলার সময় কুইন্স পার্ক রেঞ্জার্সের রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্টন ফার্ডিনান্ডকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন চেলসি অধিনায়ক জন টেরি। তিনি জোর দিয়ে বলেন, এটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। লফটাস রোডে কিউপিআরের কাছে ১-০ গোলে চেলসির হারার পর ইন্টারনেটে একটি ভিডিও-চিত্র প্রচার করা হয়। এটি দেখে কেউ কেউ দাবি করছেন, ফার্ডিনান্ডকে লক্ষ্য করে টেরি বর্ণবাদী মন্তব্য করেছেন। পরিস্থিতিকে হাল্কা করার জন্য এক বিবৃতিতে ইংল্যান্ড অধিনায়ক বলেন, "ভিডিওতে আমি কি বলছি, সে ব্যাপারে লোকজন তড়িঘড়ি করে ভুল সিদ্ধান্তে পৌঁছেছেন।" "আসলে আমি মনে করেছিলাম বর্ণবাদী মন্তব্য করার জন্য অ্যান্টন আমাকে অভিযুক্ত করছেন। তখন আমি খুব আক্রমণাত্মক ভঙ্গিতে বলেছিলাম, এ ধরনের মন্তব্য আমি করিনি," যোগ করেন তিনি। "আমি বহুদিন ধরে অ্যান্টনকে চিনি। খেলা শেষে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হই যে আমাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়নি," বলেন টেরি, "খেলায় জেতার জন্য আমি তাকে অভিনন্দন জানাই। আর বর্ণবাদী মন্তব্য করার জন্য তিনি আমাকে অভিযুক্ত করেননি।" খেলার প্রথমার্ধে চেলসির জোসে বসিঙ্গোয়া ও দিদেয়ের দ্রগবাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেয়া হয়। এছাড়া হলুদ কার্ড দেখানো হয় দলের সাতজন খেলোয়াড়কে। তাদের মধ্যে টেরিও রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩১৮ ঘ.